ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ২৮ বছর বয়সে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইট।
২০২১ সালে বেলফাস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় হোয়াইটের। ২০২৫ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি।
আয়ারল্যান্ডের হয়ে ৩ টেস্ট, ২ ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হোয়াইট। টেস্টে ৪টি, ওয়ানডেতে ১টি ও টি-টোয়েন্টিতে ৩৬ উইকেট শিকার করেছেন তিনি।
আয়ারল্যান্ডের হয়ে তিনটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন হোয়াইট। ২০২১, ২০২৪ এবং ২০২৬ বিশ্বকাপে আয়ারল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি।
অবসর নিয়ে এক বিবৃতিতে হোয়াইট বলেন, ‘শৈশবের স্বপ্ন পূরণ করে দেশের প্রতিনিধিত্ব করা এবং সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলার সুযোগ দেওয়ায় ক্রিকেট আয়ারল্যান্ডকে ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘তিনটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করা এবং টেস্ট ক্রিকেট খেলাটা অবশ্যই আমার পরিকল্পনায় ছিল না। কিন্তু এটি এমন বিষয় যা নিয়ে আমি সবসময় গর্ববোধ এবং ক্যারিয়ারে এই অর্জিত অভিজ্ঞতা ও স্মৃতির জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো।’
হোয়াইটের অবসর নিয়ে আয়ারল্যান্ডের প্রধান কোচ গ্যারি উইলসন বলেন, ‘বেনের মতো একজন ক্রিকেটারের অবসরের খবরে আমার অনুভূতি মিশ্র। আমি তার মঙ্গল কামনা করি এবং দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের জন্য তাকে অভিনন্দন জানাই। ব্যক্তিগতভাবে আমি জানি, আয়ারল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন পূরণে কত পরিশ্রম করেছেন তিনি। দেশের হয়ে তিনি ৪০টিরও বেশি ম্যাচ খেলায় আমি আনন্দিত।’







