ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ওপেনার বেন ডাকেটের সেঞ্চুরিতে পাকিস্তানের মাটিতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সান্ত্বনার জয় পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।
গতরাতে লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ইংল্যান্ড ৫৫ রানে হারিয়েছে শ্রীলংকাকে। প্রথম তিন ম্যাচের একটিও জিততে পারেনি না পরা ইংলিশরা ফাইনালে উঠতে ব্যর্থ হয়। ফাইনালে উঠেছে পাকিস্তান ও শ্রীলংকা।
লাহোরে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫১ বলে ১৬৩ রানের সূচনা পায় ইংল্যান্ড। টম ব্যান্টন ৭৪ রানে থামলেও, ৪৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরির দেখা পান আরেক ওপেনার ডাকেট।
সেঞ্চুরির ইনিংসকে বড় করে দেড়শ পেরিয়ে ব্যক্তিগত ১৬৭ রানে আউট হন ডাকেট। ২৪টি চারে ১৩২ বলে ১৬৭ রান করেন তিনি।
ডাকেটের পর ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ৪৪, উইল জ্যাকস ৩০, জর্ডান কক্স ৪৩ ও স্যাম কারানের অপরাজিত ২১ রানের সুবাদে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৬ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।
শ্রীলংকার আসিথা ফার্নান্দো ২ উইকেট নেন।
জবাবে মিডল অর্ডার ব্যাটার পাবান রত্নানায়েকের সেঞ্চুরিতেও জয় পায়নি শ্রীংলকা। ৪৫ দশমিক ১ ওভারে ৩৩১ রানে গুটিয়ে যায় লংকানরা।
১৫টি চার ও ১টি ছক্কায় ৭৭ বলে ১১৮ রান করেন রত্নানায়েকে। এছাড়া অধিনায়ক কুশল মেন্ডিস ৮৯ ও আভিস্কা ফার্নান্দো ৪৮ রান করেন। ইংল্যান্ডের লিয়াম ডসন ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন ডাকেট।







