ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ : ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়ার পর ভাই জুডের সঙ্গে একই দলে খেলার ‘বড় স্বপ্ন’ পূরণের আশাবাদ ব্যক্ত করেছেন বরুশিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার জোব বেলিংহ্যাম।
নভেম্বরে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দুটির জন্য ঘোষিত ২৫ সদস্যের দলে রয়েছেন ২১ বছর বয়সী জোব।
বুন্দেসলিগায় শনিবার ঘরের মাঠে এলভার্সবার্গকে ২-১ গোলে হারানোর পর জোব বলেন, ছোটবেলায় তিনি ও তাঁর বড় ভাই জুড ইংল্যান্ডের হয়ে একসঙ্গে খেলার অভিনয় করতেন।
জোব বলেন, ‘এটা সত্যিই দারুণ এক অনুভূতি। আমি অবশ্য খুব বেশি উচ্ছ্বসিত হতে চাই না। তবে এটি আমার এবং জুডের জন্যই বড় একটি স্বপ্ন।
‘ছোটবেলা থেকেই আমরা বাগানে, পার্কে কিংবা অন্য কোথাও ইংল্যান্ডের হয়ে একসঙ্গে খেলার অভিনয় বহুবার করেছি।
‘তাই এটি বিশাল এক স্বপ্ন। এখনো তা বাস্তবে রূপ নেয়নি। তাই আগেভাগে কিছু বলে স্বপ্নটা ভেস্তে দিতে চাই না। তবে আমি সত্যিই রোমাঞ্চিত।’
জোব ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের অধিনায়কত্ব করেছেন। তবে এবারই প্রথম জাতীয় দলের মূল দলে ডাক পেলেন তিনি।
রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ২৩ বছর বয়সী জুড বেলিংহ্যাম ডর্টমুন্ডে খেলার সময় ইংল্যান্ড জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়েছিলেন। বর্তমানে জাতীয় দলের হয়ে তাঁর ম্যাচসংখ্যা ৬০।
২০২৫ সালে ডর্টমুন্ডে যোগ দেওয়ার পর বুন্দেসলিগার সঙ্গে মানিয়ে নিতে জোবের কিছুটা সময় লেগেছিল। তবে চলতি মৌসুমে দারুণ পারফরম্যান্স করে তিনি দলের একাদশে নিয়মিত জায়গা করে নিয়েছেন।








