সিলেট, ৯ নভেম্বর ২০২৬ : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানকে কৃতিত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। তিনি বলেছেন, ওয়ারিকানের ধারাবাহিক বোলিং এবং প্রতিপক্ষের ওপর চাপ তৈরির দক্ষতা সফরকারীদের সাফল্যে বড় ভূমিকা রেখেছে।
দুই ম্যাচের সিরিজে ১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন ওয়ারিকান। নিয়ন্ত্রিত বোলিং, নিখুঁত লাইন-লেংথ এবং বল ঘোরানোর দক্ষতায় বাংলাদেশের ব্যাটারদের ভুগিয়েছেন তিনি।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে চেজ বলেন, “ওয়ারিকান দুই ম্যাচেই ভালো বোলিং করেছে। সে নিজের ইকোনমি রেট খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। আমার মনে হয়েছে, সে দীর্ঘ সময় ধরে ব্যাটারদের সামনে বল রেখে প্রচুর চাপ তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “পুরো সিরিজে তার বোলিংয়ের বৈশিষ্ট্য ছিল এটাই। পাশাপাশি সে বল ঘুরিয়েছে এবং সোজাও রেখেছে। আমার মনে হয়েছে, সে সত্যিই আমাদের এই সিরিজে টিকিয়ে রেখেছে এবং সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে।”
ঢাকায় প্রথম টেস্টে আট উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৮৪ রানে ৭ উইকেটে নামিয়ে এনে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছিল সফরকারীরা। তবে তাওহীদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের দুর্দান্ত ইনিংসে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। হৃদয়ের অসাধারণ ইনিংস সফরকারীদের আরেকটি জয় থেকে বঞ্চিত করেছে বলে স্বীকার করেন চেজ।
তিনি বলেন, “জয়ের জন্য এগিয়ে যাওয়ার মতো দারুণ অবস্থানে ছিলাম আমরা। কিন্তু হৃদয়ও অসাধারণ একটি ইনিংস খেলেছে। টেস্ট ক্রিকেট এমনই। কখনো কখনো মনে হয়, আপনি ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন; এরপর কেউ এসে অবিশ্বাস্য কিছু করে দেখায়।”
সিরিজে হোয়াইটওয়াশ করতে না পারলেও সামগ্রিক অর্জনে সন্তুষ্টি প্রকাশ করেন চেজ। দেশের মাটিতে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেও উল্লেখ করেন তিনি।
চেজ বলেন, “বাংলাদেশে এসে ক্রিকেট খেলা সব সময়ই কঠিন। তাদের নিজেদের মাঠে হারাতে পারা সব সময়ই আনন্দের।”
পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে তাদের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
চেজ বলেন, “তিনটির মধ্যে আমরা দুটি সিরিজ জিতেছি। তাই বছরটিকে ভালোই বলব। কোনো সিরিজেই আমরা হারিনি। বহু বছর ধরে এমনটা দেখা যায়নি।”
“এতে প্রমাণ হয়, একসঙ্গে বসে পরিকল্পনা করলে এবং কঠোর পরিশ্রম করলে যেকোনো কিছু অর্জন করা সম্ভব। আমার মনে হয়, একটি দল ও ইউনিট হিসেবে আমরা সঠিক পথেই এগোচ্ছি।”








