ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ : দেশে তায়কোয়ানডোর প্রশিক্ষণ ব্যবস্থার মানোন্নয়ন এবং দক্ষ কোচ তৈরির লক্ষ্যে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে শুরু হয়েছে ‘কোচেস ট্রেনিং অ্যান্ড রিফ্রেশার কোর্স-২০২৬’।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুর চৌধুরী এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ও ফেডারেশনের সদস্য শায়রুল কবির খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ আনসার, বিকেএসপি এবং বিভিন্ন ক্লাবের প্রায় ২০০ জন কোচ অংশ নিচ্ছেন। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তায়কোয়ানডোর প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সুসংগঠিত করা এবং কোচদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। এই প্রশিক্ষণের মাধ্যমে কোচদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশের তায়কোয়ানডো অঙ্গনে প্রশিক্ষণের গুণগত মান বাড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
আগামী শনিবার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রশিক্ষণ কর্মসূচি।







