ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬ : হার্দিক পান্ডিয়ার কাছে অধিনায়কত্ব হারানোর তিন বছর পর আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) নেতৃত্বে ফিরেছেন রোহিত শর্মা। আইপিএলের ২০২৭ মৌসুমে দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
গত সপ্তাহে খেলোয়াড় ধরে রাখার সময়সীমা শেষ হওয়ার আগে হার্দিককে পাঞ্জাব কিংসের (পিবিকেএস) কাছে পাঠিয়ে তার বদলে আর্শদীপ সিংকে দলে নেয় মুম্বাই। এরপরই রোহিতকে অধিনায়ক করার সিদ্ধান্ত আসে। আগামী এপ্রিলে ৪০ বছরে পা দিতে যাওয়া রোহিত সর্বশেষ ২০২৩ সালে মুম্বাইয়ের নেতৃত্ব দিয়েছিলেন। সেবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের কাছে হেরে বিদায় নেয় মুম্বাই।
অধিনায়কত্বের জন্য বিবেচনায় থাকা কয়েকজনের মধ্যে রোহিতও ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার।
রোহিত বলেন, “মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবনের একটি বিশাল অংশ। এই দলকে নেতৃত্ব দেওয়া সব সময়ই আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।
“সামনের মৌসুম নিয়ে নীতা আম্বানি ও আকাশ আম্বানির সঙ্গে আলোচনা বেশ আনন্দদায়ক হয়েছে। আমরা কী অর্জন করতে পারি, সে বিষয়ে আমার অনেক বিশ্বাস রয়েছে।
“আইপিএলের ২০তম আসর এবং সামনের চ্যালেঞ্জগুলোর জন্য আমি প্রস্তুত। আমাদের সমর্থকদের উদ্যাপনের অনেক মুহূর্ত উপহার দিতে চাই। নিজেদের ক্রিকেটের ধরন অনুযায়ী খেলা, একসঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করা এবং খেলাটিকে উপভোগ করাই হবে আমাদের লক্ষ্য।”
আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে ১৬৩ ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দিয়ে ৯৩ জয় ও ৭০ হারের রেকর্ড নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সবচেয়ে দীর্ঘ সময়ের অধিনায়ক রোহিত। আইপিএলে পাঁচটি ফাইনালে- ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন তিনি এবং প্রতিবারই শিরোপা জিতেছেন।
২০২৪ সালের আইপিএলের আগে গুজরাট টাইটানস থেকে হার্দিককে দলে নেয় মুম্বাই। এরপর রোহিতকে সরিয়ে তাকে অধিনায়ক করা হয়। হার্দিকের নেতৃত্বে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই পরবর্তী তিন মৌসুমে স্থিতিশীলতা ও ধারাবাহিকতা খুঁজে পেতে হিমশিম খায়। ২০২৪ সালে পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করে তারা। পরের মৌসুমে প্লে-অফে উঠলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের কাছে হারে। আর ২০২৬ সালের আইপিএল শেষ করে নবম স্থানে থেকে।
২০২৪ সালে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমে ঘরের মাঠের দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছিল হার্দিককে। এরপরও তাকে চাপের মুখে থাকতে হয়েছে এবং তার নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। নিজের পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি। শেষ পর্যন্ত গত বছর জানান, তিনি দল ছাড়তে প্রস্তুত।
হার্দিককে ধরে রাখার সম্ভাবনাসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মুম্বাই শেষ পর্যন্ত হার্দিক-আর্শদীপ অদলবদলে সম্মত হয়।








