২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬: দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স অভিযোগ করেছেন, ২০১৮ সালের সিরিজের ডারবান টেস্ট থেকেই বল টেম্পারিংয়ে জড়িত ছিল অস্ট্রেলিয়া। তাঁর দাবি, কেপটাউনের সেই বহুল আলোচিত স্যান্ডপেপার-কান্ডের আগেই বিতর্কের সূত্রপাত হয়েছিল।

নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬: দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স অভিযোগ করেছেন, ২০১৮ সালের সিরিজের ডারবান টেস্ট থেকেই বল টেম্পারিংয়ে জড়িত ছিল অস্ট্রেলিয়া। তাঁর দাবি, কেপটাউনের সেই বহুল আলোচিত স্যান্ডপেপার-কান্ডের আগেই বিতর্কের সূত্রপাত হয়েছিল।

সাবেক অস্ট্রেলীয় ব্যাটসম্যান উসমান খাজার আত্মজীবনীতে কেলেঙ্কারি প্রসঙ্গ নতুন করে উঠে আসার দুই সপ্তাহেরও বেশি সময় পর আবারও আলোচনায় এসেছে বল টেম্পারিং-বিতর্ক।

খাজা, চ্যাড সেয়ার্স ও ক্যামেরন ব্যানক্রফটের পরবর্তী বক্তব্যে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে আরও তথ্য সামনে এসেছে। ওই ঘটনার পর কেপটাউনের নিউল্যান্ডসে স্যান্ডপেপার লুকানোর চেষ্টা করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন ব্যানক্রফট।

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার রিভার্স সুইংনির্ভর বোলিং আক্রমণের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ডি ভিলিয়ার্স। ব্যানক্রফট ক্যামেরায় ধরা পড়ার সময়ও তিনি ক্রিজে ছিলেন। এবার তাঁর দাবি, সিরিজের শুরু থেকেই বল টেম্পারিং করছিল অস্ট্রেলিয়া।

নিজের পডকাস্টে ডি ভিলিয়ার্স বলেন, ‘প্রসঙ্গত, ঘটনাটি শুরু হয়েছিল ডারবানে, পোর্ট এলিজাবেথে নয়। এ বিষয়ে আমার বক্তব্য উদ্ধৃত করতে চাইলে আমি খুবই খুশি হব।’

তিনি আরও বলেন, ‘ডারবানে প্রথম টেস্টে আমরা হেরেছিলাম। তখন খুবই অদ্ভুত এক সময়ে বল রিভার্স সুইং করছিল। কিংসমিডে কোনো বলের এত দ্রুত রিভার্স সুইং করার কথা নয়।’

‘বিশ্বাস করুন, সেখানে আমি অনেক ক্রিকেট খেলেছি। সেখানে তারা যা-ই ব্যবহার করুক- স্যান্ডপেপার কিংবা নখ, তাতে আমার কিছু যায় আসে না। সত্যি বলতে, আমার কিছুই যায় আসে না। আসল কথা হলো, তারা ধরা পড়েছিল এবং সবাই বিষয়টি জানত।’

‘বিশেষ করে বোলাররা জানত। কারণ বল এমনিতেই রিভার্স সুইং করে না। অস্ট্রেলিয়ার হয়ে এটি তাদের প্রথম টেস্ট ম্যাচ ছিল না। তাই উঠে দাঁড়িয়ে শুধু বলা উচিত, “বন্ধুরা, আমরা ভুল করেছি।”’

তবে গত সপ্তাহে প্রকাশিত চার হাজার শব্দের এক নিবন্ধে ব্যানক্রফট স্পষ্টভাবে বলেছেন, ডারবান টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করা হয়নি। ওই ম্যাচে রিভার্স সুইংয়ে বিশেষ কার্যকর ছিলেন মিচেল স্টার্ক।

ব্যানক্রফট লিখেছেন, ‘ডারবানে প্রথম টেস্টের কথায় ফিরে আসি, সেখানে স্যান্ডপেপার ব্যবহার করা হয়নি।’

‘বল পরিচর্যার আরও প্রচলিত পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, যার মধ্যে লালাও ছিল। মিন্ট বা লজেন্স ব্যবহার করা হয়েছিল কি না, তা আমি নিশ্চিত করে বলতে পারি না। সম্ভবত সিমের আশপাশে খোঁচাখুঁচি করা হয়েছিল। আমার প্রথম টেস্টের পর থেকে এই চর্চা এতটাই স্বাভাবিক হয়ে উঠেছিল।’

‘ঘটনার ধারাবাহিকতা বোঝার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই টেস্টে বলের দায়িত্ব আমার ছিল না। তবে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে ঘটনা ছিল ভিন্ন। সেখানে বিষয়টি অনেক বড় আকার ধারণ করে এবং আমি সরাসরি এতে জড়িয়ে পড়ি।’

বিতর্কের কেন্দ্রবিন্দুতে স্যান্ডপেপারের ব্যবহার নিয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন ডি ভিলিয়ার্স। তাঁর মতে, আরও বড় বিষয় ছিল নিয়ম ভাঙার পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত।

‘এটি সবচেয়ে অদ্ভুত বিষয়। কারণ এখন সবাই স্যান্ডপেপার নিয়ে কথা বলছে। অথচ এ মুহূর্তে সবাই আসল বিষয়টি এড়িয়ে যাচ্ছে। ব্যাপারটি আমাকে খুবই বিভ্রান্ত করে। আমরা কেন ব্যবহৃত বস্তুটি নিয়ে এত চিন্তিত? আসল কথা হলো, মাঠে অবৈধ কিছু করার পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং প্রত্যেকেই তা জানত। এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।’

২০১৮ সালের সিরিজের প্রথম দিনের খেলা শেষে তৎকালীন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও বলের রিভার্স সুইংয়ের কথা স্বীকার করেছিলেন।

সেই সময় ওয়ার্নার বলেছিলেন, ‘প্রথম দিনে আমরা রিভার্স সুইংয়ের বিষয়টি বিবেচনা করিনি- ২৪ বা ২৫ ওভার খেলার পরও নয়।’

নিজের খেলোয়াড়ি জীবনে নিয়মের সীমারেখা অতিক্রম করার চেষ্টা তিনিও করেছেন বলে স্বীকার করেছেন ডি ভিলিয়ার্স। তবে ইচ্ছাকৃত প্রতারণার আশ্রয় কখনো নেননি বলে দাবি তাঁর।

তিনি বলেন, ‘আমি নিজেকে নির্দোষ বা নিখুঁত মানুষ হিসেবে তুলে ধরছি না। আমরা সবাই বলকে রিভার্স সুইং করানোর চেষ্টা করি। বলের ওপর বাউন্স করানোর চেষ্টা করি। বৈধ উপায়ে যতটা সম্ভব নিয়মের সীমারেখার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি।’

‘তাই আমি এমন কোনো নিষ্পাপ দেবদূত নই, যে অন্যদের ভুল ধরিয়ে দিচ্ছে। বছরের পর বছর আমরা সবাই বলকে দিয়ে বিশেষ কিছু করানোর, ব্যাটসম্যানের ব্যাটের কানায় বল লাগানোর চেষ্টা করেছি। তবে মাঠে কোনো বস্তু নিয়ে গিয়ে প্রকাশ্যে প্রতারণা করার মতো বোকামি কখনো করিনি।’

দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক কেলেঙ্কারি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রাথমিক পদক্ষেপেরও সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, ক্রিকেট অস্ট্রেলিয়া ‘খেলোয়াড়দের বিপদের মুখে ঠেলে দিয়েছিল’। ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথের শাস্তিকেও ‘একেবারেই হাস্যকর’ বলে অভিহিত করেছেন তিনি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026