ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: ইরাকের সুলাইমানিয়াহ শহরে অনুষ্ঠিত ‘২০২৬ এশিয়া কাপ, ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-২’-এর কোয়ালিফিকেশন রাউন্ডে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার কম্পাউন্ড পুরুষ ও মহিলা- উভয় বিভাগেই শীর্ষ স্থান অর্জন করেছেন লাল-সবুজের দুই আর্চার নেওয়াজ আহমেদ রাকিব ও বন্যা আক্তার। পাশাপাশি রিকার্ভ পুরুষ বিভাগেও তৃতীয় স্থানে থেকে চমক দেখিয়েছেন আব্দুর রহমান আলিফ।
আজ রোববার অনুষ্ঠিত কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ বিভাগে ৭০ মিটার এবং কম্পাউন্ড বিভাগে ৫০ মিটার দূরত্বে মোট ৭২টি করে তীর নিক্ষেপের মাধ্যমে আর্চারদের অবস্থান নির্ধারিত হয়।
কম্পাউন্ড পুরুষ বিভাগে ১৮ জন প্রতিযোগীর মধ্যে ৭২০-এর মধ্যে ৬৯৩ স্কোর করে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব। একই বিভাগে ৬৯১ স্কোর করে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন মোঃ তারিকুল ইসলাম ও হিমু বাছাড়।
অন্যদিকে কম্পাউন্ড মহিলা বিভাগেও ১৮ জন প্রতিযোগীর মধ্যে ৭২০-এর মধ্যে ৬৯৬ স্কোর তুলে প্রথম স্থান অর্জন করেন বন্যা আক্তার। এছাড়া শ্রীপর্ণা বিশ্বাস ও মোসা. কুলসুম আক্তার মনি উভয়ই ৬৮১ স্কোর করে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেন।
রিকার্ভ পুরুষ বিভাগে ২৮ জন আর্চারের লড়াইয়ে ৭২০-এর মধ্যে ৬৫৭ স্কোর করে তৃতীয় স্থান লাভ করেন আব্দুর রহমান আলিফ। এই বিভাগে ৬৫৩ স্কোর করে চতুর্থ স্থান পান আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি এবং ৬৪৪ স্কোর করে সপ্তম হন মোঃ সাগর ইসলাম।
রিকার্ভ মহিলা বিভাগে ২৭ জন আর্চারের মধ্যে সায়মা সালাহ উদ্দিন ৭২০-এর মধ্যে ৬৩৫ স্কোর করে পঞ্চম স্থান লাভ করেন। সোনালী রায় (স্কোর ৬২২) সপ্তম ও সীমা আক্তার শিমু (স্কোর ৬১৮) অষ্টম স্থান অর্জন করে ভালো পারফরম্যান্সের ধারা বজায় রেখেছেন।
আগামীকাল অনুষ্ঠিত হবে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনের দলগত ও মিশ্র দলগত ইভেন্টের নকআউট পর্ব। মঙ্গলবার ব্যক্তিগত ইভেন্টের এলিমিনেশন রাউন্ড এবং পরের দুই দিন যথাক্রমে কম্পাউন্ড ও রিকার্ভ বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
কোয়ালিফিকেশন রাউন্ডের সাফল্য ধরে রেখে পরবর্তী পর্বগুলোতেও দেশের আর্চাররা ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পদক ও সুনাম বয়ে আনবেন বলে বাংলাদেশ আর্চারি ফেডারেশন আশাবাদ ব্যক্ত করেছে।
বিশ্ব র্যাঙ্কিং পয়েন্ট অর্জনের লক্ষে গত ২২ অক্টোবর ১২ জন আর্চার ও চার কর্মকর্তাসহ ১৬ সদস্যের বাংলাদেশ দল সুলাইমানিয়াহর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৭টি দেশের মোট ৯১ জন আর্চার রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন।





