২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কোচ নিয়োগে পচেত্তিনোর সঙ্গে আলোচনা শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

Md. Ibrahim Mollahঢাকা

লন্ডন, ১১ নভেম্বর ২০২৬ : ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের পরিবর্তে দায়িত্ব নিতে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ মরিসিও পচেত্তিনোর সঙ্গে আলোচনা শুরু করেছে ক্লাবটি। বুধবার বিবিসিসহ ব্রিটিশ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

কোচ নিয়োগে পচেত্তিনোর সঙ্গে আলোচনা শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

লন্ডন, ১১ নভেম্বর ২০২৬ : ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের পরিবর্তে দায়িত্ব নিতে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ মরিসিও পচেত্তিনোর সঙ্গে আলোচনা শুরু করেছে ক্লাবটি। বুধবার বিবিসিসহ ব্রিটিশ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

ওল্ড ট্রাফোর্ডে ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। ৪০ বছরের মধ্যে মৌসুমের সবচেয়ে বাজে শুরুর পর প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে পড়ে আছে ইউনাইটেড। টানা আট ম্যাচে জয়হীন থাকার পর তার চাকরি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

ক্যারিক এখনো দায়িত্বে থাকলেও খুব দ্রুতই তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই বৈঠকে ক্লাবের প্রভাবশালী অংশীদার জিম র‌্যাটক্লিফ, প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্স উপস্থিত থাকবেন। ক্যারিককে বরখাস্ত করার পক্ষে রয়েছেন বেরাদা ও উইলকক্স, এমন খবরও প্রকাশিত হয়েছে।

সাউদাম্পটন, টটেনহ্যাম ও চেলসির কোচ হিসেবে দায়িত্ব পালনের সুবাদে প্রিমিয়ার লিগে কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে পচেত্তিনোর।

এর আগে তিনবার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার বিষয়ে আর্জেন্টিনার সাবেক এই ডিফেন্ডারের সঙ্গে আলোচনা করেছিল ক্লাবটি। ২০১৮ সালে হোসে মরিনিও বরখাস্ত হওয়ার পর, ২০২২ সালে এরিক টেন হাগকে নিয়োগ দেওয়ার আগে এবং ২০২৪ সালে ডাচ কোচকে বরখাস্ত করার পর তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

তবে মাত্র তিন মাস আগে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে থাকার জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন পচেত্তিনো। ম্যানচেস্টারে যোগ দিলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনকে। বিবিসির খবর অনুযায়ী, ৫৪ বছর বয়সী এই কোচের চুক্তিতে ১ কোটি ডলার (৭৫ লাখ পাউন্ড) রিলিজ ক্লজ রয়েছে।

বুধবার ইউনাইটেডের ক্যারিংটন অনুশীলন কেন্দ্রে ক্যারিককে আসতে দেখা গেছে। তবে তার অধ্যায়ের সমাপ্তি এখন কেবল সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে।

অক্টোবরের শেষ দিকে বোর্নমাউথের কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হারের পর ক্যারিককে বরখাস্ত করা হবে বলে ব্যাপক ধারণা তৈরি হয়েছিল। তবে তখনকার মতো দায়িত্বে থেকে যাওয়ার সুযোগ পান ৪৫ বছর বয়সী এই কোচ।

এরপর চেলসির কাছে ২-০ গোলে হারে ইউনাইটেড। পরে চ্যাম্পিয়ন্স লিগে রোমার কাছে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়।

রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে দুইবার দুই গোলে পিছিয়ে পড়ার পর মনে হচ্ছিল, সাবেক ইউনাইটেড ও ইংল্যান্ড মিডফিল্ডার ক্যারিকের বিদায় নিশ্চিত। তবে যোগ করা সময়ে দুই গোল করে অবিশ্বাস্যভাবে ৪-৪ ব্যবধানে ড্র করে ইউনাইটেড। খেলোয়াড়েরা এখনো ক্যারিকের জন্য লড়াই করছেন- এমন ব্যাখ্যায় বিষয়টিকে তার জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হয়েছিল।

তবে এবার কোচ পরিবর্তনের সম্ভাবনাই বেশি। ইউনাইটেডের কোচ হওয়ার দৌড়ে নিউক্যাসলের সাবেক কোচ এডি হাও, চেলসির সাবেক কোচ এন্টোনিও কন্তে এবং জার্মানির সাবেক কোচ জুলিয়ান নাগলসম্যানের নামও আলোচনায় রয়েছে।

কোচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আন্তর্জাতিক বিরতির বাকি সময়টুকু পাচ্ছে ইউনাইটেড। আগামী ২২ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরবে তারা।

ক্যারিকের অধীনে ইউনাইটেড প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১৮তম স্থানে নেমে গেছে। ১৯৮৬-৮৭ মৌসুমের পর শীর্ষ লিগে ১০ ম্যাচ শেষে এটিই তাদের সর্বনিম্ন অবস্থান। সে সময় ২০তম স্থানে ছিল দলটি।

মৌসুম শুরুর আগে স্থায়ীভাবে কোচের দায়িত্ব পান ক্যারিক। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালনকালে ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে তুলেছিলেন তিনি।

জানুয়ারিতে রুবেন আমোরিমের অস্থির সময়ের অবসান ঘটিয়ে তাকে বরখাস্ত করার পর দলকে স্থিতিশীল করার জন্য প্রশংসিত হয়েছিলেন ক্যারিক। তবে দলবদলের বাজারে হতাশাজনক নিয়োগ প্রক্রিয়ার প্রভাব পড়েছে তার দলের ওপর। চলতি মৌসুমে ইউনাইটেডের পারফরম্যান্সে বড় ধরনের অবনতি ঘটেছে।

অ্যালেক্স ফার্গুসনের অধীনে ২০১২-১৩ মৌসুমের পর আর লিগ শিরোপা জেতেনি ইউনাইটেড। অথচ গ্রীষ্মকালীন দলবদলে নতুন ফরোয়ার্ড নেওয়ার প্রয়োজনীয়তা স্পষ্ট থাকলেও কেবল মিডফিল্ডার ইউরি টিলেমানস, কার্লোস বালেবা ও আন্দ্রে সান্তোসকে দলে ভিড়িয়েছিল ক্লাবটি।

দলের শৃঙ্খলা ধরে রাখতেও হিমশিম খেতে হয়েছে ক্যারিককে। চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হওয়া কোমোর কাছে ৪-১ গোলে হারের পর কোচের কৌশলের সমালোচনা করায় অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসকে দল থেকে বাদ দিয়েছিলেন তিনি।

এ ছাড়া ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের মানসম্পন্ন খেলোয়াড় না কেনার সমালোচনা করায় ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকেও দল থেকে বাদ দেন ক্যারিক।

তবে ইউনাইটেড সমর্থকদের বড় একটি অংশ এখনো ক্যারিকের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। তাদের ক্ষোভের মূল লক্ষ্য ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিক গ্লেজার পরিবার, র‌্যাটক্লিফ এবং প্রত্যাশা পূরণে ব্যর্থ খেলোয়াড়েরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026