ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরির সুবাদে আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের লিটন দাস ও তাওহিদ হৃদয়ের।
নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠেছেন লিটন। আর ২৮ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠেছেন হৃদয়।
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে দুজনই সেঞ্চুরি করেন। হৃদয় ২২৭ বলে ১৩৭, আর লিটন ১৭৯ বলে করেন ১২০ রান। তবে দুজনের দুর্দান্ত পারফরম্যান্সের পরও ম্যাচটি ৯ উইকেটে হারে বাংলাদেশ।
একই টেস্টে সাধারণ মানের পারফরম্যান্সের কারণে বাংলাদেশের আরও কয়েকজন ব্যাটারের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। চার ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছেন মুশফিকুর রহিম। তিন ধাপ পিছিয়ে নাজমুল হোসেন শান্ত রয়েছেন ৩৫তম স্থানে। আর ১৮ ধাপ পিছিয়ে ৫৬তম স্থানে নেমেছেন মুমিনুল হক।
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দুই অবস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জো রুট। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৬৮ রান করার পর এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।








