২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

খাজার নতুন ‘স্যান্ডপেপারগেট’ দাবি নিয়ে মুখ খুললেন মিচেল স্টার্ক

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ : ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না বলে আবারও জানিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তবে উসমান খাজার সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে নতুন করে করা দাবিগুলোতে হতাশা প্রকাশ করেছেন তিনি।

খাজার নতুন ‘স্যান্ডপেপারগেট’ দাবি নিয়ে মুখ খুললেন মিচেল স্টার্ক

ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ : ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না বলে আবারও জানিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তবে উসমান খাজার সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে নতুন করে করা দাবিগুলোতে হতাশা প্রকাশ করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার আসন্ন ক্রিকেট মৌসুমের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সিডনির গোল্ডেন শিফ পাব-এ এক প্রচারণামূলক অনুষ্ঠানে গণমাধ্যমের নানা প্রশ্নের মুখে পড়েন বাঁহাতি এই পেসার।

আট বছর আগে কেপটাউন টেস্টে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়। ওই ঘটনায় বল টেম্পারিংয়ে জড়িত থাকার দায়ে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত ওই কেলেঙ্কারি ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

২০২১ সালে স্টার্কের সঙ্গে অস্ট্রেলিয়ার অন্য তিন বোলার প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন যৌথ বিবৃতিতে ওই ঘটনা সম্পর্কে কিছু জানা বা তাতে জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন।

নতুন করে বিতর্ক তৈরি হওয়ায় এ বিষয়ে জানতে চাইলে স্টার্ক বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের দিকে তিনি খুব একটা নজর দেননি। তবে নিজের অবস্থান আগের মতোই রয়েছে বলে জানান তিনি।

স্টার্ক বলেন, “সত্যি বলতে, বিষয়টি নিয়ে আমি খুব একটা মনোযোগ দিইনি। আট বছর আগের ঘটনা নিয়ে স্পষ্টতই ভিন্ন ভিন্ন মত রয়েছে। সে সময় পুরো প্রক্রিয়াজুড়ে এবং এরপরও আমাদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এখন আমি অন্য বোলারদের হয়ে কথা বলব না। তবে আমার নিজের অবস্থান থেকে বলছি, আমার মতামত বদলায়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, সে বিষয়ে আমার স্মৃতিও বদলায়নি।”

অস্ট্রেলিয়ার বোলাররা বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানতেন কি না, সরাসরি এই প্রশ্ন করা হলে আগের যৌথ বিবৃতির কথা উল্লেখ করেন স্টার্ক।

তিনি বলেন, “বিষয়টি তো একটি বইয়ে লেখা হয়েছে। তাই এ বিষয়ে আরও ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব অন্য কারও। আমাদের বিবৃতিতে যেমন বলা হয়েছিল, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়ে আমরা অবগত ছিলাম না।”

সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনী ‘সাবর’-এ অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার খাজা দাবি করেছেন, বল অস্বাভাবিকভাবে বেশি সুইং করায় একজন বোলার উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং সতীর্থদের বল নিয়ে আর কোনো কারসাজি না করার অনুরোধ জানিয়েছিলেন।

খাজা লিখেছেন, “একটি উইকেট পাওয়ার পর একজন বোলার বলেছিল, ‘বন্ধুরা, এখন বল অনেক বেশি সুইং করছে। এটা নিয়ে আর কিছু কোরো না। কারণ, বল যেভাবে সুইং করছে, তা অবিশ্বাস্য।’ আমাদের বেশির ভাগই তখন হেসেছিল।”

তবে নিজের বক্তব্যে চার বোলার স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড কিংবা লায়নের কারও নাম উল্লেখ করেননি খাজা।

সাবেক এই ওপেনার আরও স্পষ্ট করেছেন, বোলারদের অভিযুক্ত করা তাঁর উদ্দেশ্য নয়। বরং পুরো দলের ওপরই ওই ঘটনার দায় বর্তায় বলে মনে করেন তিনি।

খাজা লিখেছেন, “বোলাররা কী দেখেছিল বা দেখেনি, তা বলতে আমি এখানে বসিনি। বোলারদের আক্রমণ করাও আমার উদ্দেশ্য নয়।”

তিনি আরও লিখেছেন, “ঘটনাটি অনেক দিন আগের। আমি আগেই স্পষ্ট করেছি, আমরা ভুল করেছিলাম এবং দল হিসেবে সেই ভুল করেছিলাম। বছরের পর বছর আমরা সবাই নীরব থেকেছি।”

খাজা আরও মনে করেন, নিষেধাজ্ঞার মুখে পড়া তিন খেলোয়াড়ের ওপর এককভাবে দায় চাপানোর পরিবর্তে অস্ট্রেলিয়ার পুরো দলেরই দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত ছিল।

ম্যাচের পর ড্রেসিংরুমে সতীর্থদের সবাইকে সম্মিলিতভাবে পরিণতি মেনে নেওয়ার কথাও বলেছিলেন বলে স্মৃতিচারণ করেন খাজা।

তিনি লিখেছেন, “এমনকি ম্যাচের পর ড্রেসিংরুমে তাদের সঙ্গে কথা বলার সময়ও আমি বলেছিলাম, ‘এটিকে দলীয় বিষয় হিসেবে নাও। আমরা দল হিসেবে এটি করেছি। কী ঘটছিল, তা আমরা জানতাম। তাই দল হিসেবেই এর দায় নিতে হবে।’ শুরু থেকেই আমার অবস্থান এমনই ছিল।”

“কিন্তু শেষ পর্যন্ত সেভাবে হয়নি। ওই তিনজন (ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট) ভয়াবহভাবে সমালোচিত হয়েছিল।”

সে সময় আন্তর্জাতিক ক্রিকেটে বল টেম্পারিং ক্রমেই বাড়ছিল বলেও বর্ণনা করেছেন খাজা। তাঁর দাবি, ২০১৮ সালের সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাল্লা দিতে গিয়ে এমন পথ বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া।

খাজা লিখেছেন, “বল নিয়ে কাজ করা এবং রিভার্স সুইং আদায়ের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকানরা আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল। তাদের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছিলাম আমরা। এ কাজে তারা ছিল অসাধারণ।”

তিনি আরও ব্যাখ্যা করেছেন, বলের অবস্থা ঠিক রাখতে প্রচলিত পদ্ধতির বাইরে নানা কৌশল ব্যবহার করা অস্ট্রেলিয়ার ক্রিকেটে তখন সাধারণ বিষয় হয়ে উঠেছিল। তবে দক্ষিণ আফ্রিকা সফরের আগে স্যান্ডপেপার ব্যবহারের অভিজ্ঞতা তাঁর কখনো হয়নি।

খাজা বলেন, “রিভার্স সুইং আদায়ের জন্য বলের যত্ন নেওয়ার আরও অনেক পদ্ধতি ছিল। আমি যেসব অস্ট্রেলীয় দলে খেলেছি, সেগুলোতে চকোলেট বা মিষ্টি ব্যবহার করে বলের উজ্জ্বল অংশে লালা লাগিয়ে পালিশ করা কিংবা বলটি ইচ্ছাকৃতভাবে পিচে ছুড়ে রুক্ষ অংশ তৈরি করার মতো কাজ করা হতো। অথচ এই দুটিই নিষিদ্ধ।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026