ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ : রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া মনে করেন, ভবিষ্যতে কোনো গোলরক্ষকের পক্ষে আবারও ব্যালন ডি’অর জয় করা কঠিন হবে।
৭০ বছরের ইতিহাসে সাবেক সোভিয়েত ইউনিয়নের গোলরক্ষক লেভ ইয়াসিনই একমাত্র গোলরক্ষক, যিনি এই পুরস্কার জিতেছেন। ১৯৬৩ সালে ভোটাভুটিতে শীর্ষে থেকে পুরস্কারটি জেতেন তিনি।
বেলজিয়ামের কোর্তোয়া তাঁর প্রজন্মের অন্যতম সেরা গোলরক্ষক হলেও ব্যক্তিগত এই পুরস্কার জয়ের কাছাকাছিও যেতে পারেননি।
সংবাদ সম্মেলনে কোর্তোয়া বলেন, “জার্মানির ম্যানুয়েল নয়্যার ২০১৪ সালে খুব কাছাকাছি গিয়েছিলেন। তিনি তৃতীয় হয়েছিলেন।
“আমার মনে হয়, ২০২২ সালে আমি আরও ভালো অবস্থানে থাকব বলে আশা করেছিলাম। করিম বেনজেমা পুরস্কারটি পাওয়ার যোগ্য ছিলেন। তবে আমার মনে হয়েছিল, আমার অবস্থান আরও ওপরে হওয়া উচিত ছিল।”
২০২২ সালে সেরা গোলরক্ষক হিসেবে লেভ ইয়াসিন পুরস্কার জিতেছিলেন কোর্তোয়া। তবে ওই বছর ব্যালন ডি’অর ভোটাভুটিতে তাঁর সপ্তম স্থান অর্জনই এখন পর্যন্ত সর্বোচ্চ।
ইয়াসিনের পর ব্যালন ডি’অর ভোটাভুটিতে মাত্র পাঁচজন গোলরক্ষক সেরা তিনে জায়গা পেয়েছেন।
তাঁদের মধ্যে সর্বশেষ ছিলেন নয়্যার, ২০১৪ সালে। তাঁর আগে সেরা তিনে জায়গা পেয়েছিলেন ইতালির জিয়ানলুইজি বুফন ও দিনো জফ, চেক প্রজাতন্ত্রের ইভো ভিক্টর এবং জার্মানির অলিভার কান- যিনি দুবার সেরা তিনে ছিলেন।
কোর্তোয়া আরও বলেন, “সাংবাদিকদের বলতে শোনা যায়, গোলরক্ষকদের জন্য তো ইয়াসিন পুরস্কার রয়েছে।
“আমি বিষয়টি বুঝি। এটা কঠিন। আমরা হয়তো দুর্দান্ত পারফরম্যান্স দেখালাম, কিন্তু শেষ মিনিটে এমবাপ্পে গোল করে বসলেন। তখন মানুষের মনে সেটাই থেকে যায়।”
কোর্তোয়া উল্লেখ করেন, ক্লাবগুলোতে গোলরক্ষকরাও প্রায়ই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের মধ্যে থাকেন। এতে বোঝা যায়, ফুটবলে এই পজিশনের গুরুত্ব অনেক বেশি।
তিনি বলেন, “একজন গোলরক্ষক ব্যালন ডি’অর জিততে পারেন, তবে কী ধরনের মৌসুম কাটাতে হবে, তা নিয়ে আমি নিশ্চিত নই। সবকিছুই জিততে হবে, অথচ তখনও পাঁচ-ছয়জন খেলোয়াড় থাকবেন, যাঁরা দারুণ খেলছেন।
“আমি যখন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে, আরদা গুলার, ইয়ান দিয়োমান্দের মতো খেলোয়াড়দের সঙ্গে একই দলে থাকি, তখন ভোটাররা আমাকে কীভাবে বেছে নেবেন?”
২০০৬ সালে ইতালির ডিফেন্ডার ফাবিও কানাভারো ব্যালন ডি’অর জেতার পর থেকে ১৯টি ব্যালন ডি’অরের মধ্যে ১৭টিই পেয়েছেন আক্রমণভাগের খেলোয়াড়েরা।








