ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ : পায়ের আঙুলের চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার জশ টাং। চিকিৎসার জন্য তাঁকে দেশে ফিরতে হবে বলে রোববার জানিয়েছে দলটি।
ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে গত সপ্তাহে পার্থে পৌঁছান টাং। তবে শনিবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯২ রানের জয় পাওয়া এক দিনের প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাম পায়ের বুড়ো আঙুলের চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন জশ টাং। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে ফিরে যাবেন।’
হাঁটুর অস্ত্রোপচার থেকে সেরে ওঠা ব্যাটার জ্যাকব বেথেলও ম্যাচটিতে খেলেননি। ওই ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখান জোফরা আর্চার ও আদিল রশিদ।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে ১৫৯ রানে অলআউট করতে আর্চার ৩৪ রানে ৩ উইকেট এবং স্পিনার রশিদ ৩৫ রানে ৪ উইকেট নেন। জয়ের জন্য তাদের লক্ষ্য ছিল ২৫২ রান।
ইংল্যান্ডের হয়ে বেন ডাকেট ৫৯ এবং লিয়াম ডওসন অপরাজিত ৪৪ রান করেন।
আগামী শুক্রবার পার্থে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করবে ইংল্যান্ড। এরপর সিরিজের বাকি ম্যাচগুলো হবে অ্যাডিলেড ও হোবার্টে।
২০২৫-২৬ মৌসুমের অ্যাশেজ টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর এই প্রথম অস্ট্রেলিয়া সফরে গেল ইংল্যান্ড।








