বার্সেলোনা, ৪ নভেম্বর, ২০২৬ : রাফিনিয়ার জোড়া গোলে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে সফরকারী অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এর মধ্য দিয়ে ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় ইংলিশ দলটির শতভাগ জয়ের ধারাও থেমে গেছে।
পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা লামিন ইয়ামালের গোলে শুরুতেই এগিয়ে যায়। পরে দ্বিতীয়ার্ধে জোড়া গোল কওে পারফ্যান্সের ধারাবাহিকতা ধরে রাখেন রাফিনিয়া।
আগের ইউরোপীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির কাছে হারের পর এই জয়ে ঘুরে দাঁড়িয়েছে বার্সা। লিগ পর্বের শীর্ষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়েও টিকে থাকল কাতালান জায়ান্টরা।
উনাই এমেরির অ্যাস্টন ভিলা প্রথমার্ধে ভালো প্রতিদ্বন্দ্বীতা গড়লেও শেষ পর্যন্ত ম্যাচের শেষ ভাগে বার্সেলোনার দক্ষতার কাছে হার মানে।
ম্যাচ শুরুর আগে চ্যাম্পিয়ন্স লিগের আনুষ্ঠানিক সংগীত বাজানো হয়নি। আগের দিন স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মাঠে প্রতিপক্ষ গোলরক্ষকের সাথে সংঘর্ষের পর মারা যাওয়া তেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগেলের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে আসে।
ভিলা অধিনায়ক জন ম্যাকগিন এর আগে মাত্র একবার ক্যাম্প ন্যুতে এসেছিলেন। আট বছর বয়সে গ্রীষ্মকালীন ছুটিতে।
ম্যাচের শুরুটা আরও গোছানো হবে বলে প্রত্যাশা করেছিলেন তিনি। কিন্তু সপ্তম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয় ভিলা।
অ্যাস্টন ভিলার ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নিজেদের বক্সে হুয়াও গোমেসের দুর্বল পাস সরাসরি ইয়ামালের কাছে চলে যায়। ১৯ বছর বয়সী এই উইঙ্গার সুযোগটি কাজে লাগিয়ে ভিলা গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করেন।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে ম্যাকগিন বলেন, “আজকের রাতটি আমাদের জন্য বড় একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। আমি নিশ্চিত, ভবিষ্যতে এটি আমাদের কাজে আসবে।
“বার্সেলোনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং দারুণ কিছু গোল করেছে।”
চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের এটি ১৪তম গোল। এর মাধ্যমে টিনএজার হিসেবে প্রতিযোগিতায় ১৩ গোল করা রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের আগের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি।
২০১৭ সালে পিএসজির কোচ থাকাকালে বার্সেলোনার মাঠে ৬-১ গোলে হারের মধ্য দিয়ে ক্যারিয়ারের অন্যতম বাজে রাত কাটিয়েছিলেন এমেরি। এবারও হয়তো শুরুতে বড় বিপর্যয়ের আশঙ্কা করেছিলেন। তবে ভিলা দ্রুতই ঘুরে দাঁড়ায়। ম্যাটি ক্যাশের জোরালো শট অল্পের জন্য বাইরে চলে যায়। পরে গোমেসের প্রচেষ্টা আটকে দেন হোয়াও ক্যানসেলো।
বার্সেলোনার চাপের মুখে নিজেদের রক্ষণভাগ থেকে বল বের করতে আবারও সমস্যায় পড়ে ভিলা। অ্যান্থনি গর্ডনের শট ঠেকিয়ে দেন সুজুকি। ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকলে জোহান মানজাম্বির প্রচেষ্টায় আবারও পরীক্ষার মুখে পড়েন বার্সেলোনার গোলরক্ষক গার্সিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ফারমিন লোপেজের পাসে দ্রুত পায়ের বল জালে পাঠান রাফিনিয়া।
দারুণ ক্রসে রাফিনিয়ার দ্বিতীয় গোলের সুযোগ তৈরি করেন ক্যানসেলো। ব্রাজিলিয়ান এই উইঙ্গার কাছ থেকে বল জালে পাঠিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে নিজের ১৯তম গোলটি করেন।
চতুর্থ গোলের খোঁজে আক্রমণ চালিয়ে যায় বার্সেলোনা। ইয়ামালের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত আর গোল না পেলেও ১৯ ম্যাচ পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে ক্লিনশিটের কৃতিত্ব দেখায় কাতালান ক্লাবটি।
ভিলাকে গোলবঞ্চিত রাখতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
জার্মান এই কোচ বলেন, “আমাদের জন্য সুসংগঠিতভাবে রক্ষণ সামলানো গুরুত্বপূর্ণ ছিল। রক্ষণভাগ অসাধারণ মানের খেলা খেলেছে। তারা সবকিছুই প্রতিহত করেছে।”
অ্যাস্টন ভিলা লিগ পর্বের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।





