২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬: ফারমিন লোপেজের জোড়া গোলে পিছিয়ে পড়েও রোববার অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬: ফারমিন লোপেজের জোড়া গোলে পিছিয়ে পড়েও রোববার অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো পিছিয়ে আছে আরও দুই পয়েন্টে।

মেট্রোপলিতটানো স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে জুলিয়ানো সিমিওনে গোল করে অ্যাথলেটিকোকে এগিয়ে দেন। বিরতির কিছুক্ষণ আগে বার্সেলোনাকে সমতায় ফেরান লোপেজ।

এরপর ৬৬ মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন ২৩ বছর বয়সী স্প্যানিশ এই মিডফিল্ডার। নিজেদের সেরা খেলাটা খেলতে না পারলেও গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও কোপা দেল রেতে বার্সেলোনাকে হারিয়েছিল অ্যাথলেটিকো। এবার এই জয়ের মাধ্যমে কিছুটা হলেও প্রতিশোধ নিল কাতালানরা।

ম্যাচ শেষে লোপেজ বলেন, “গত মৌসুমের কথা মাথায় রেখে আমরা জানতাম তারা কী ধরনের খেলা উপহার দেবে, ম্যাচটি খুব কঠিন হবে। তাদের গোলের পর প্রথমার্ধে আমাদের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। তবে আমার মনে হয়, আমরা জানতাম কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি।”

সম্প্রতি পিএসজি ও রিয়াল মাদ্রিদের কাছে হারের পর সমালোচনার মুখে পড়েছিল কোচ হান্সি ফ্লিকের দল। তবে বড় ম্যাচের চাপ সামলানোর সক্ষমতা আবারও প্রমাণ করেছে তারা।

ফ্লিক বলেন, “এই ধরনের ম্যাচ জেতার মতো সক্ষমতা আমাদের আছে। দলের ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে।”

“বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরা দারুণ খেলেছি। এখানে জয় পাওয়া মোটেও সহজ নয়।”

পরাজয়ের পরও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে, “অভিযোগ করার মতো কিছুই নেই। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবেই খেলেছি। আমি এখান থেকে এটা জেনেই যাচ্ছি, আমরা এখনো গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আমাদের উন্নতির আরও জায়গা আছে এবং কিছু খেলোয়াড়ের আরও বেড়ে ওঠা প্রয়োজন।”

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের শুরুটা ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। প্রথম দিকেই দুই দল একবার করে গোলপোস্টে বল লাগায়।

গ্রীষ্মকালীন দলবদলে অ্যাথলেটিকো ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হওয়া জুলিয়ান আলভারেজ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে কাটিয়েও গোল করতে পারেননি। রক্ষণভাগের খেলোয়াড়রা তাঁর পথ আটকে দেন।

এরপর কর্নার থেকে অ্যাথলেটিকোর ডিফেন্ডার মার্ক পুবিলের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

অন্য প্রান্তে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের পাস থেকে পেদ্রির নেওয়া জোরালো শটও পোস্টে লেগে ফিরে আসে।

১০ মিনিটে বার্সেলোনার রক্ষণভাগ ভেঙে এগিয়ে যায় অ্যাথলেটিকো। আলভারেজের ক্রসে পোস্টেও কাছ থেকে বল জালে পাঠান জুলিয়ানো সিমিওনে।

দ্বিতীয় গোলের জন্য চেষ্টা চালিয়ে যান আলভারেজ। গার্সিয়া তাঁর একটি প্রচেষ্টা আটকে দেন। এ সময় বার্সেলোনাও নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পেতে লড়াই করছিল।

তবে প্রথমার্ধের শেষ দিকে হঠাৎ করেই সমতায় ফেরে বার্সেলোনা। বক্সে ঢোকার পথে বাধা পেয়ে লোপেজ বলের নিয়ন্ত্রণ হারালেও ফিরতি বল পেয়ে শট নেন তিনি। ইয়ান ওবলাককে পরাস্ত করে বল জালে পাঠান এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের ভালো সুযোগ পেয়েও ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান আলভারেজ। গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি।

আলভারেজের সেই ব্যর্থতার মাশুল দিতে হয় অ্যাথলেটিকোকে। কিছুক্ষণ পরই এগিয়ে যায় বার্সেলোনা।

ইয়ামালের দারুন পাস অ্যাধলেটিকোর রক্ষণভাগ ভেদ করে পৌঁছে যায় লোপেজের কাছে। ঠান্ডা মাথায় ওবলাককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে এটি তাঁর সপ্তম গোল।

দিনের অন্য ম্যাচে চতুর্থ স্থানে থাকা রিয়াল বেতিস এলচেকে ২-০ গোলে হারিয়েছে। পঞ্চম স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ ১-০ গোলে পরাজিত করেছে রায়ো ভায়েকানোকে। গেতাফেকে ২-০ গোলে হারিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ভিয়ারিয়াল। সেল্টা ভিগো ও লেভান্তের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026