ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে আজ বুধবার বাফুফে ভবনসংলগ্ন অ্যাস্ট্রো-টার্ফ মাঠে আয়োজিত ‘ইয়ুথ ফুটবল ক্লিনিক’-এ আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ৪০ জন তরুণ ফুটবলার।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আন্তর্জাতিক উন্নয়ন উদ্যোগ এএফএ ইন্টারন্যাশনালের একটি প্রতিনিধি দলের তত্ত্বাবধানে ৯০ মিনিটের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
এতে বাফুফের কোচিং স্টাফের সদস্যরাও অংশ নেন। এর মাধ্যমে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পান তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং বাফুফের সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)।
এ ছাড়া বাফুফের নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রূপু, ইমতিয়াজ হামিদ (সবুজ) ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া (শাহীন) উপস্থিত ছিলেন।
এএফএ ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলে ছিলেন বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা এবং ক্রীড়া ব্যবস্থাপক আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো।








