ঢাকা, ২ নভেম্বর, ২০২৬, : ফর্ম ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে না খেলে টেকনিক্যাল সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। এজন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোন একাডেমিতে ব্যাটিং নিয়ে বাবরের কাজ করা উচিত বলে মনে করেন ইউসুফ।
দীর্ঘদিন ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারছেন না বাবর। গেল বছরের নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন তিনি। সম্প্রতি ঘরের মাঠে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজেও ব্যর্থ হন বাবর।
শ্রীলংকা ও ইংল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে পাঁচ ম্যাচে ব্যাট করে ২৩.৬০ গড় ও ৭৪.২১ স্ট্রাইক রেটে মাত্র ১১৮ রান করেছেন বাবর। শ্রীলংকার বিপক্ষে লিগ পর্বে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
শ্রীলংকার বিপক্ষে ফাইনালেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বাবর। ৫ বল খেলেও রানের খাতাই খুলতে ব্যর্থ হন তিনি।
এ অবস্থায় ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজেদের ব্যাটিং নিয়ে কাজ করার পরিকল্পনা করেছেন বাবর। কিন্তু বাবরের এই পরিকল্পনার সাথে একমত হতে পারেননি ইউসুফ। ফর্মে ফিরতে বাবরকে আগে টেকনিক্যাল সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাবরের ব্যাটিং নিয়ে ইউসুফ লিখেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে বাবরের খেলা ঠিক হবে না। প্রথমে টেকনিক্যাল সমস্যাগুলো বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে সমাধান করা উচিত। ঘরোয়া ক্রিকেটে ফিরে যদি আবারও নিজেকে নিয়ে সংগ্রাম করতে হয় তাহলে আত্মবিশ্বাস ও ক্যারিয়ার হুমকির মুখে পড়বে। এজন্য ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোন একাডেমিতে বাবরের যাওয়া উচিত। সঠিক দিকনির্দেশনা ও ভুলগুলো কাটিয়ে উঠতে পারলে আবারও নিজের সেরা রূপে ফিরতে পারবে বাবর।’
ফর্ম না থাকলেও, বাবর এখনও পাকিস্তানের সেরা খেলোয়াড় বলে মনে করেন দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ৩৮১ ম্যাচে ১৭ হাজারের বেশি রান করা ইউসুফ।
তিনি বলেন, ‘এখনও পাকিস্তানের সেরা খেলোয়াড় বাবর। সে ভালো করেই জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে।
এজন্য তাকে ভিন্ন পন্থায় সবকিছু করতে হবে। চার বছর আগেও বাবরকে নিয়ে আমি একই ধরণের কথা বলেছিলাম, কিন্তু কেউ শোনেনি।’
আগামী ৩ নভেম্বর থেকে ইসলামাবাদে কায়েদ-ই-আজম ট্রফি শুরু হবে। ঐ টুর্নামেন্টে লাহোর হোয়াইটসের হয়ে খেলার কথা রয়েছে তার।








