সিরাজগঞ্জ, ১২ নভেম্বর, ২০২৬ : জেলায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে জেলা শহরের পৌর এলাকার শাহেদনগর বেপারীপাড়া, চর রায়পুর ওয়াবদা এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার মৃত পানু ব্যাপারীর ছেলে এবং জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ শাখার সিনিয়র সহসভাপতি মো. খোকন ব্যাপারী (৪৮), পৌরসভার চর রায়পুর ওয়াবদা মহল্লার মৃত হবিবুর রহমান শেখের ছেলে ও ১৩ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহ আলম (৫৩) এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর কড্ডা গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসেন (৫০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদর থানা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। নভেম্বরের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত এ ধরনের অভিযানে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।








