ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : ঘরের মাঠে শ্রীলংকা ও ইংল্যান্ডকে নিয়ে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়ালেন পাকিস্তান ওপেনার সাইম আইয়ুব।
নিজের অফ-ফর্ম নিয়ে কাজ করতেই ঘরোয়া ক্রিকেটে খেলবেন সাইম। এজন্য ওয়ানডে দল থেকে সাইমকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক বিবৃতিতে পিসিবি জানায়, প্রধান কোচের সঙ্গে আলোচনার পর ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন সাইম। নিজের ব্যাটিং ফর্ম নিয়ে কাজ করার পাশাপাশি আত্মবিশ্বাস ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে খেলবেন তিনি।
পিসিবি আরও জানায়, সাইমের সিদ্বান্তকে সম্মান জানিয়ে এবং দলের ম্যানেজমেন্ট ও জাতীয় নির্বাচক কমিটির সাথে আলোচনার পর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই ত্রিদেশীয় সিরিজের বাকী ম্যাচগুলোতে সাইমকে পাবে না দল।
ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত তিন ইনিংস ব্যাট করে ২১ রান করলেও কোন উইকেট সাইম।
ত্রিদেশীয় সিরিজের বাকী ম্যাচের জন্য সাইমের পরিবর্তে দলে নেওয়া হয়েছে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক ও ওপেনার সাহিবজাদা ফারহানকে।
লিগ পর্বে টানা তিন ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আগামী ২৭ অক্টোবর লাহোরে লিগ পর্বে চতুর্থ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে পাকিস্তান। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।





