ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : আগামী মৌসুমের জন্য ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস এন্ডারসনের সাথে চুক্তি নবায়ন করবে না কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার। এর মধ্য দিয়ে ল্যাঙ্কাশায়ারের সাথে ২৫ বছরের পথচলা শেষ হলো এন্ডারসনের।
নতুন করে দল গঠনের পরিকল্পনায় এন্ডারসনের সাথে চুক্তি নবায়ন করবে না বলে জানিয়েছেন ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস ও সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাহী রিচার্ড কেনিয়ন।
তারা জানান, আগামী মৌসুমের জন্য নতুনভাবে দল সাজানো হবে। এন্ডারসনকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হবে না।
শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ারের জার্সিতে আর দেখা যাবে না ৪৪ বছর বয়সী এন্ডারসনকে। ল্যাঙ্কাশায়ারের হয়ে আর মাঠে নামতে পারবেন না বলে হতাশ তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এন্ডারসন বলেন, ‘শৈশব থেকেই আমি ল্যাঙ্কাশায়ারকে সমর্থন করেছি। এই দলের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। পরবর্তীতে আমার স্বপ্ন পূরণও হয়েছে। গত ২৫ বছর এই দলের হয়ে খেলতে পারা স্বপ্ন পূরণের মতো।’
তিনি আরও বলেন, ‘ওল্ড ট্রাফোর্ডে খেলতে নামার অনুভূতি আমার কাছে সবসময়ই বিশেষ কিছ। এই দলকে নেতৃত্ব দেওয়াও অনেক বড় সম্মানের। এই দলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যা সারাজীবন আমার মনে থাকবে। তবে এখান থেকে চলে যাবার সিদ্ধান্তটা আমার হাতে থাকলে শেষটা এমন হতো না। ভবিষ্যতের জন্য দল, খেলোয়াড় ও সমর্থকদের শুভকামনা জানাই।’
২০২৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন এন্ডারসন। অবসরের পর কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা শুরু করেন তিনি। গত মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে ১১ ম্যাচে ১৭.৬৮ গড়ে ৫০ উইকেট শিকার করেছেন এন্ডারসন।
২০০৩ সালে অভিষেকের পর ইংল্যান্ডের হয়ে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট দখল করেছেন এন্ডারসন। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তৃতীয় স্থানে আছেন তিনি। তবে পেসারদের মধ্যে সর্বোচ্চ।
উইকেট শিকারে শীর্ষ দু’টি স্থানে আছেন শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ১৩৩ টেস্টে মুরালিধরন ৮০০ ও প্রয়াত ওয়ার্ন ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট শিকার করেছেন।





