ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : লাহোরে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আচরণবিধি ভাঙায় পাকিস্তানের পেসার হারিস রউফকে তিরস্কার ও ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই ম্যাচে ধীরগতির বোলিংয়ের কারণে ইংল্যান্ডকেও জরিমানা করা হয়েছে।
রোববারের ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে রউফকে এই জরিমানা করা হয়। ম্যাচটিতে শাদাব খানের সেঞ্চুরি এবং রউফের সঙ্গে শেষ উইকেটে তাঁর ম্যাচজয়ী জুটির সুবাদে এক উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান।
ইংল্যান্ডের ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৪ রানে ৯ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর শাদাব ও রউফের ৮৯ রানের জুটি পাকিস্তানকে ফাইনালেলে টিকিট উপহার দেয়।
ম্যাচের ৪৬তম ওভারের শেষে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে রউফের আচরণকে ক্রিকেটের গতির পরিপন্থী বলে রায় দিয়েছে আইসিসি। ওয়াইডের আবেদন নিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে তর্কে জড়ান তিনি।
আইসিসি এক বিবৃতিতে জানায়, “আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সতর্কবার্তার পরও রউফ ব্যাট উঁচিয়ে ধরে তর্ক চালিয়ে যান।”
বিবৃতিতে আরও বলা হয়, “এরপর জ্যাকসের দিকে যাওয়ার সময় তিনি আম্পায়ারকে ঘেঁষে পাশ কাটিয়ে যান।”
এই ঘটনায় রউফের শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটি তাঁর তৃতীয় অপরাধ। ফলে তাঁর মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচে।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা হলে তা দুটি সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। এর ফলে একটি টেস্ট, দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষেধাজ্ঞা পেতে পারেন ঐ খেলোয়াড়।
এর আগে গত বছর এশিয়া কাপে ভারতের বিপক্ষে তিনটি ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের কারণে রউফ দুটি ওয়ানডে ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন।
রউফের ডিমেরিট পয়েন্ট আটে পৌঁছালে নিষেধাজ্ঞার পরিমাণ দ্বিগুণ হবে।
এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বোলিং করায় ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
প্রথম তিনটি ম্যাচে হেরে ফাইনালে ওঠার যোগ্যতা হারিয়েছে ইংল্যান্ড।
আগামী শনিবার লাহোরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।








