ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬ : কারাবাও কাপ থেকে আর্সেনালের বিস্ময়কর বিদায়ের ম্যাচে ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যানের লাল কার্ড দেখার ঘটনায় নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত বলতে চাননি কোচ মিকেল আর্তেতা। যদিও এই ঘটনায় আর্তেতাকে নিয়ে বেশ সমালোচনা হয়েছে।
হ্যারিসন নিলের একটি ট্যাকলের পর প্রতিক্রিয়া দেখিয়ে লাল কার্ড পান ডাউম্যান। মাঠ ছাড়ার সময় টানেলের দিকে এগিয়ে যাওয়ার পথে আর্তেতার কড়া দৃষ্টি এবং ক্ষুব্ধ ভঙ্গিতে কিছু কথা বলতে দেখা যায় তাঁকে।
ফ্লিটউড টাউনের কাছে পেনাল্টি শুটআউটে হারের পর সংবাদমাধ্যমকে আর্তেতা বলেন, তরুন ফুটবলারের প্রতি তাঁর বিরক্তির কারণ ছিল ‘ম্যাচের আগে তাঁদের মধ্যে আলোচনা হওয়া একটি বিষয়’।
আর্তেতা বলেন, “লাল কার্ডের ঘটনাটি আমি আবার দেখিনি। ক্যামেরার ফুটেজেও আসলে কী ঘটেছে, তা পরিষ্কার বোঝা যায় না। রেফারি সিদ্ধান্ত দিয়েছেন, ব্যস। ১০ জন নিয়েও আমরা গোল করার তিনটি বড় সুযোগ পেয়েছিলাম।”
প্রতিপক্ষের খেলোয়াড়দের টার্গেটে পরিণত হয়েছেন তরুণ উইঙ্গার ডাউম্যান। এ কারনে তাকে প্রায়ই ফাউনলের শিকার হতে হচ্ছে। কিন্তু এর থেকে রক্ষা পেতে কীভাবে প্রস্তুতি নেওয়া যায়, জানতে চাইলে আর্তেতা বিস্তারিত বলতে রাজি হননি।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখানে আমরা এ বিষয়ে আলোচনা করতে চাই না। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় নিয়ে যখন আমরা প্রস্তুতি নিই, তখন কী প্রত্যাশা করতে হবে, সে বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকে। আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে, এ বিষয়েও আমরা পরিষ্কার।”
ঘটনার পর আর্সেনালের সাবেক মিডফিল্ডার পল মারসন ডাউম্যানের প্রতি আর্তেতার প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। স্কাই স্পোর্টসকে মারসন বলেন, “মনে রাখতে হবে, তার বয়স মাত্র ১৬ বছর। সে তো একজন শিশু। তার রাতটা খুব একটা ভালো কাটছিল না, তাই হতাশ হয়ে পড়তেই পারে। মাঝেমধ্যে সে আর্সেনালের হয়ে খেলার সুযোগ পায়।” “সম্ভবত তার মনে হয়, আরও বেশি খেলার সুযোগ পাওয়া উচিত। আজ সেই সুযোগ পেয়েছে, কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। ট্যাকলটি ছিল পুরোনো ধাঁচের।”
তিনি আরও বলেন, “ভিক্টর ইয়োকেরেস হলে আর্তেতা কি তার সঙ্গে এমন আচরণ করতেন? আমার অপছন্দের জায়গাটি হলো এটাই। কোনো অভিজ্ঞ আন্তর্জাতিক খেলোয়াড় হলে আমার মনে হয় না, তিনি এমন করতেন। সে-ও একজন মানুষ।”
“আর্সেনালের হয়ে লাল কার্ড দেখা প্রথম খেলোয়াড় সে নয়, শেষ খেলোয়াড়ও হবে না।”
স্কাই স্পোর্টসের আরেক বিশ্লেষক জোবি ম্যাকঅ্যানাফও মারসনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ কওে বলেছেন, “ডাউম্যানই হতে পারে আর্সেনালের ভবিষ্যৎ। আর্তেতা বিষয়টি ঠিকভাবে সামলাতে পারেননি।”
উত্তর-পশ্চিম ইংল্যান্ডে কঠিন একটি রাত কাটানোর পরও প্রতিযোগিতার ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটানো চতুর্থ টায়ারের দল ফ্লিটউড টাউনের প্রশংসা করেন আর্তেতা।
তিনি বলেন, “প্রথমেই ফ্লিটউডকে অভিনন্দন জানাতে চাই। তারা যেভাবে খেলেছে এবং মাঠে যে পরিবেশ তৈরি করেছে, তা প্রশংসার যোগ্য।”
“১১ জন নিয়ে কিংবা ১০ জন নিয়ে- পুরো ম্যাচেই আমার খেলোয়াড়দের মনোভাব ও তীব্রতা নিয়ে অভিযোগ করার কিছু নেই। কিন্তু আপনি যখন প্রতিপক্ষের চেয়ে এতটা ভালো খেলছেন, তখন তাদের কোনো সুযোগই দেওয়া উচিত নয়।”
“আমরা যত শট নিয়েছি এবং যত সুযোগ তৈরি করেছি, তাতে তিন, চার কিংবা পাঁচটি গোল করা উচিত ছিল। সুযোগ কাজে লাগাতে হয়। তা না হলে কোনো ব্যবধান থাকে না- এটাই বাস্তবতা।”
“এরপর পেনাল্টি শুটআউটের মাধ্যমে পরের রাউন্ডে ওঠার অপেক্ষা করতে হয়। কিন্তু আমরা তা করতে পারিনি। ম্যাচের গতিপ্রকৃতি বিবেচনায় আমাদের বিদায়ের সম্ভাবনা কম ছিল। কিন্তু এটাই ফুটবল, সম্ভাবনা কম থাকলেও কাপ থেকে ছিটকে পড়ার সুযোগ সব সময় থাকে।”








