ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে নারী হকি গোলরক্ষক প্রশিক্ষণ ক্যাম্প। ‘অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর আওতায় তৃতীয় ধাপের গোলরক্ষক প্রশিক্ষণ কার্যক্রমটি ১৫ দিনব্যাপী চলবে।
দেশব্যাপী নারী হকির উন্নয়নে আয়োজিত এই বিশেষ ক্যাম্পে বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত মোট ২৪ জন প্রতিশ্রুতিশীল নারী গোলরক্ষক অংশ নিচ্ছেন। ক্যাম্পের খেলোয়াড়দের গোলকিপার প্যাডসহ যাবতীয় প্রশিক্ষণ সামগ্রী ও সার্বিক খরচের পৃষ্ঠপোষকতা করছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
আজ সকালে স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এই প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব ইন্টারনাল কমিউনিকেশনস অ্যান্ড সিএসআর কমিউনিকেশন শফিক আল ভুঁইয়া এবং সিএসআর, রিপোর্টিং অ্যান্ড স্পন্সরশিপ অফিসার (কমিউনিকেশন) রামিসা তাবাচ্ছুম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ এ আদেল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন, উইমেন্স উইংয়ের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন রেফাতুল ইসলাম, উইমেন্স উইংয়ের সম্পাদক তারিকুজ্জামান নান্নু এবং কার্যনির্বাহী সদস্য আশরাফুল আলম বাবলু।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিবৃন্দ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেওয়া নারী হকি খেলোয়াড়দের আন্তরিক উৎসাহ প্রদান করেন এবং দেশের নারী হকির সার্বিক মানোন্নয়নে ভবিষ্যতেও ফেডারেশনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ এই প্রশিক্ষণ শিবির আরও দু’দিন আগে থেকেই শুরু হয়েছে। আজ ছিল আনুষ্ঠানিক উদ্বোধন।
এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পটি বাংলাদেশ হকি ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে খেলোয়াড়দের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘমেয়াদী এই ক্যাম্পে মেয়েরা প্রতিদিন সকাল ও বিকাল দুই বেলা কঠোর অনুশীলন করছে।
সার্বক্ষণিক মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় নারী হকি দলের সাবেক সফল গোলকিপার সুমি আক্তার। এছাড়া সকালের অনুশীলনে ট্রেইনার হিসেবে যোগ দিয়েছেন জাতীয় হকি দলের অভিজ্ঞ গোলকিপার নুরুজ্জামান নয়ন।








