ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি, দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়, হাসপাতালে রোগী হয়রানি এবং সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগে দেশের চার স্থানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এসব অভিযান পরিচালনা করে।
ওষুধের কৃত্রিম সংকটের অভিযোগে অভিযান
বাজারে অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি এবং সাধারণ ওষুধের পরিবর্তে অধিক মূল্যের অতিরিক্ত ফর্মুলেশনযুক্ত ওষুধ বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে ঔষধ প্রশাসন অধিদপ্তরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের তালিকা, ওষুধের মূল্য নির্ধারণসংক্রান্ত কমিটির সভার কার্যবিবরণী এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে।
পাবনায় দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
দলিল নিবন্ধন ও নকল উত্তোলনকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পাবনা থেকে সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে টিমের সদস্যরা দলিল লেখকদের সেরেস্তা, রেকর্ডরুম ও এজলাস কক্ষের আশপাশে অবস্থান করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের বিষয়ে সরেজমিনে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। একই সঙ্গে কার্যালয় থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
এ সময় সেবাগ্রহীতাদের বক্তব্যে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়। তারা জানান, দলিল নিবন্ধনের ক্ষেত্রে ‘দলিল লেখক সমিতি’র নামে দলিল লেখকরা সরকার নির্ধারিত ফির বাইরে জনপ্রতি দুই হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন।
দিনাজপুর হাসপাতালে রোগী হয়রানির অভিযোগ
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি দীর্ঘদিন অচল ফেলে রেখে সরকারি অর্থের অপচয়, দালালচক্রের দৌরাত্ম্য এবং হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় অবহেলার অভিযোগে দুদকের জেলা কার্যালয়, দিনাজপুর থেকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে। পরে উদঘাটিত অনিয়মের বিষয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এ ছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সেবামূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়।
নেত্রকোনায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার অভয়পাশা বাইপাস সড়কের প্রায় সাত কিলোমিটার সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কার্যাদেশ ও নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ থেকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অভিযোগের সত্যতা যাচাই ও নির্মাণকাজের গুণগত মান নিরূপণে একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে প্রকল্পের প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও কাজের গুণগত মান সম্পর্কে স্থানীয় ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হয়।
অভিযানগুলোতে সংগৃহীত তথ্য-উপাত্ত, সংশ্লিষ্ট রেকর্ডপত্র, সরেজমিনে প্রাপ্ত তথ্য এবং প্রয়োজনীয় ক্ষেত্রে নিরপেক্ষ প্রকৌশলীর কারিগরি মতামত পর্যালোচনা করে অভিযোগগুলোর বিষয়ে কমিশনে পৃথক পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।








