ময়মনসিংহ, ৪ নভেম্বর ২০২৬: যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু।
এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. রুকুনোজ্জামান রোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম-আহবায়ক আকতারুল আলম ফারুক, শহীদুল আমিন খসরু, ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমিন মাসুদ প্রমুখ।
সভায় জেলা বিএনপির সদস্য আনোয়ারুল আজিজ টুটুল, কোতোয়ালি বিএনপির আহবায়ক হেলাল আহম্মেদ ও সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা পারভীন ও সাধারণ সম্পাদক রিতা, জেলা স্বেচ্ছাসেক দলের সদস্য সচিব সোহেল খান, জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নতুন প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে ব্যাপকভাবে কর্মসূচি পালনে উপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।








