কুড়িগ্রাম,৩ নভেম্বর,২০২৬(বাসস) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে জেলায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা এবং অতিরিক্ত পুলিশ সুপার আনিচ উদ্দীন।
সভা দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ দিন। কুড়িগ্রামে দিবসটি শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রশাসন এবং সকল রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সহযোগিতা প্রয়োজন। দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দিনটি মর্যাদাপূর্ণভাবে উদযাপন করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, প্রেসক্লাবের সভাপতি সফি খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, কুড়িগ্রাম চেম্বারের সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হক রুবেল ও সাইয়েদ আহমেদ বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা, এবং এবি পার্টির জেলা আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।






