ঠাকুরগাঁও, ২৯ অক্টোবর, ২০২৬ : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। আজ রাত ৯টা ৪৫ মিনিটে এই ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে।
বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন।
এই আসনের উপনির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের চারজন।
নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৩৩০ ভোট। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৫ টি। প্রদত্ত ভোটের হার ৬৪ দশমিক ৮১ শতাংশ। এছাড়া বিভিন্ন ধরনের কারিগরি ও নিয়মগত ত্রুটির কারণে মোট ৫ হাজার ৩২৫টি ভোট বাতিল করা হয়। বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাত সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে তিনি আগামী দিনে সবার সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি আরও বলেন, এই বিজয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়। এ বিজয় সাধারণ মানুষের বিজয়। এই বিজয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বিজয়।






