ময়মনসিংহ, ২৮ অক্টোবর, ২০২৬: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি রাজনৈতিক প্রতিযোগিতা চায়, সংঘাত নয়। যুক্তিনির্ভর বিতর্ক চায়, উস্কানি নয়।
তিনি বলেন, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রশ্নে আমরা আপসহীন।
আজ বুধবার ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিরোধী দলীয় নেতাদের অসহিষ্ণু, উস্কানিমূলক ও লাগামহীন বক্তব্য, কর্মকাণ্ড রাজনীতিকে 'পয়েন্ট অফ নো রিটার্ন' পর্যায়ে নিয়ে যেতে পারে। জনগণই সকল ক্ষমতার উৎস, এই নীতির ভিত্তিতেই তিনি সকল রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
তিনি বলেন,“আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, রাজনৈতিক প্রতিযোগিতা হবে জনগণের কল্যাণে, উন্নয়নের কর্মসূচিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কিন্তু জনগণের ভোটের রায়কে অস্বীকার করে দেশকে সংঘাত ও অরাজকতার দিকে ঠেলে দেয়ার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তার শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা হবে।”
বিএনপির এই নেতা বলেন, বিএনপি প্রতিহিংসা কিংবা বিভাজনের রাজনীতি করে না। বিএনপি জনগণের অধিকার, গণতান্ত্রিক জবাবদিহি, আইনের শাসন ও জাতীয় ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, যুবদল নেতা নাজমুল হুদা এবং আসাদুজ্জামান আসিফ বক্তব্য রাখেন।







