ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে।
বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৭১ রান করে বিসিবি একাদশ। এই স্কোরেই ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ।
দলের হয়ে কালাম সিদ্দিকী ১৩৫, জিশান আলম ৮৬ ও চৌধুরী এমডি রিজওয়ান ৫৯ রান করেন।
দ্বিতীয় দিন নিজেদের ইনিংস শুরু করে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেল ৬৫ রানে আহত অবসর নেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের হয়ে হাফ সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে থামেন ব্রান্ডন কিং ও আমির জাঙ্গু। কিং ৪০ ও জাঙ্গু ৪৪ রান করেন।
সাত নম্বরে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করেন কেভিন উইকহ্যাম। রোস্টন চেজকে নিয়ে দিনের খেলা শেষ করেন উইকহ্যাম। চেজ ৪৬ ও উইকহ্যাম ৬৭ রানে অপরাজিত থাকেন।
বল হাতে চমক দেখিয়েছেন লেগ স্পিনার বাংলাদেশের মোহাম্মদ হোসাইন। ১২ দশমিক ২ ওভার বল করে ৫৫ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের কাভেম হজ, আমির জাঙ্গু, উইকেটরক্ষক জশুয়া ডা সিলভা এবং জশুয়া বিশপকে শিকার করেন হোসাইন।
আগামী ২৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
৫ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।







