ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : রাফিনিয়া ও লামিন ইয়ামালের জোড়া গোলে শনিবার আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। টানা দুটি হতাশাজনক হারের পরও জয়ে ফিরেছে কাতালান ক্লাবটি।
এর আগে দ্বিতীয় স্থানে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদ লেভান্তের মাঠে ২-০ গোলের জয় পেয়েছিল। তবে ক্যাম্প ন্যুতে আলাভেসকে বড় ব্যবধানে হারিয়ে এ্যাথলেটিকোর চেয়ে দুই পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা।
চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হার এবং গত সপ্তাহান্তে লা লিগায় ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোয় পরাজয়ের হতাশা থেকে বেরিয়ে আসা জরুরি ছিল হান্সি ফ্লিকের দলের। কালকের বড় জয়ে আবারও নিজেদের ছন্দ ফিরে পেয়েছে বার্সা।
প্রথমার্ধে দুটি গোল করেন রাফিনিয়া। এর মাঝে একটি গোল করেন ফারমিন লোপেজ। বিরতির ঠিক আগে গোলের দেখা পান ইয়ামালও।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে নিজের দ্বিতীয় গোল করেন টিনএজার ইয়ামাল। বদলি হিসেবে নামা অ্যান্থনি গর্ডন চিপ শটে বার্সেলোনার ষষ্ঠ গোলটি করেন। পরে আলাভেসের হয়ে একটি গোল শোধ করেন মারিয়ানো দিয়াজ।
স্পেনের তোলেদো প্রদেশে চলতি সপ্তাহে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৯ জনের স্মরণে দিনের প্রতিটি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রক্ষণভাগে একের পর এক চোটের কারণে ফ্লিক ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে সেন্টার-ব্যাক হিসেবে খেলান। তরুণ ব্রায়ান ফারিনাসও রাইট-ব্যাক পজিশনে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পান।
অষ্টম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লোপেজের পাস থেকে গোল করে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখেন লা লিগার সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়া।
২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লোপেজ নিজেই। ইয়ামালের পাস পেয়ে কঠিন কোণ থেকে শট নেন এই মিডফিল্ডার। বলটি গোলমুখ অতিক্রম করে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।
এরপর পোস্টেও কাছ থেকে গোল করার দারুণ দুটি সুযোগ নষ্ট করেন করিম আদেয়েমি ও ইয়ামাল। তবে রাফিনিয়া দেখিয়ে দেন কীভাবে সুযোগ কাজে লাগাতে হয়। লিগে নিজের ১৫তম গোলটি করেন তিনি। লোপেজের পাসে গোলরক্ষকের মুখোমুখি হয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান রাফিনিয়া।
সম্ভবত আগের সুযোগ নষ্ট করার হতাশা থেকেই প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে নিচু শটে বার্সেলোনার চতুর্থ গোলটি করেন ইয়ামাল।
দ্বিতীয়ার্ধের শুরুতে লোপেজের পাস পেয়েও সহজ সুযোগ নষ্ট করেন আদেয়েমি। তাঁর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
এরপর বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে গোলরক্ষকের ওপর দিয়ে চিপ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল।
গর্ডনও একই ধরনের শটে বার্সেলোনার ষষ্ঠ গোলটি করেন। শেষ দিকে সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার দিয়াজ আলাভেসের হয়ে একটি গোল কওে ব্যবধান কমিয়েছেন।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে বার্সেলোনা। এরপর আগামী রোববার লা লিগার শীর্ষস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ম্যাচে এ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে যাবে তারা।
আলাভেস টানা সাত ম্যাচ ধরে জয়হীন থাকায় পয়েন্ট তালিকায় দশম স্থানে রয়েছে।








