ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬ : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতের পাঞ্জাবের জলন্ধরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় হকি দল। গতকাল রাতে সেখানে পৌঁছানোর পর, আজ সকালে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্র্যাকটিস সেশন সম্পন্ন করেছে লাল-সবুজ প্রতিনিধিরা।
প্রথম দিনের কন্ডিশনিং ও ট্যাকটিক্যাল প্র্যাকটিস শেষে দলের সার্বিক প্রস্তুতি নিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন।
জলন্ধরের বর্তমান আবহাওয়া ও মাঠের পরিবেশ পুরোপুরি হকির অনুকূলে রয়েছে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে খেলোয়াড়রা দ্রুত সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছেন। আজকের অনুশীলনে খেলোয়াড়দের ফিটনেস ও মাঠের ড্রিলসের ওপর বিশেষ জোর দেওয়া হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এবং মাঠ চমৎকার হওয়ায় খেলোয়াড়রা পূর্ণ উদ্যোমে নিজেদের প্রথম দিনের প্রস্তুতি শেষ করেন।
প্রথম দিনের অনুশীলন শেষে দলের পক্ষ থেকে জানানো হয়, জলন্ধরের পরিবেশ দলের জন্য বেশ ইতিবাচক। খেলোয়াড়রা সবাই সুস্থ ও ফুরফুরে মেজাজে আছেন। অনুকূল আবহাওয়ায় প্রথম দিনের প্র্যাকটিস খুব ভালো হয়েছে, যা টুর্নামেন্টের মূল ম্যাচগুলোর আগে দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নিতে পেরে বেশ উচ্ছসিত। মহাদেশীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার বড় সুযোগ হিসেবে প্রতিযোগিতাটিকে দেখছে তারা। আগামী ২৭ অক্টোবর স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।
ছয় দলের লিগ পর্বের ম্যাচগুলো ২৭ অক্টোবর থেকে জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও বাংলাদেশ।








