ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি। কুঁচকির ইনজুরির কারণে সিরিজ নির্ধারনী শেষ টেস্টে নর্টিকে পাবে না প্রোটিয়ারা।
প্রথম দুই টেস্ট শেষে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।
গেবেরহাতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে বোলিং করার সময় কুঁচকির ইনজুরিতে পড়েন নর্টি। নিজের চতুর্থ ওভারের তৃতীয় ডেলিভারির সময় চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে ফিরতে পারেননি নর্টি। ৩.৩ ওভার বল করে ৫ রানে ১ উইকেট শিকার করেন এই ডান-হাতি পেসার।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে সাড়ে তিন বছর পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরেছিলেন নর্টি। ডারবানে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ৪ উইকেট শিকার করেন তিনি।
নর্টির ইনজুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে কর্বিন বশ, জেরাল্ড কোয়েৎজি ও ডেন প্যাটারসনের মধ্যে যেকোন একজনের খেলার সুযোগ তৈরি হয়েছে।
আর যদি তিন পেসার নিয়ে একাদশ সাজায় দক্ষিণ আফ্রিকা, তাহলে দলে ফিরতে পারেন বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ। দ্বিতীয় টেস্টের একাদশে রাখা হয়নি এই অভিজ্ঞ স্পিনারকে। ঐ ম্যাচে একমাত্র স্পিনার হিসেবে সাইমন হার্মারকে একাদশে রেখেছিলো প্রোটিয়ারা। প্রথম ইনিংসে উইকেট না পেলেও, দ্বিতীয় ইনিংসে ২ উইকেট শিকার করেন তিনি।
এক টেস্ট পর দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার কাইল ভেরেনি। ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে তাকে। প্রথম ম্যাচে খেললেও, দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন ভেরেনি। তার জায়গায় উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন রায়ান রিকেলটন।
২১৪ রানের জয়ে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৩১ রানে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।
কেপ টাউনে আগামী ২৭ অক্টোবর থেকে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কুস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহ্যাম, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি, জেরাল্ড কোয়েৎজি, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকলটন, কাইল ভেরেনি।








