ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: অধিনায়ক শাই হোপের সেঞ্চুরি ও পেসার কেমো পলের বোলিং নৈপুণ্যে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা ফেরালো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
গতরাতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ২৪ রানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে।
এর আগে সিরিজের প্রথম ও তৃতীয় টি-টোয়েন্টি যথাক্রমে- ৮ উইকেটে এবং ১৪ রানে জিতেছিল ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
হায়দারাবাদে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। ২৭ বলে ৫২ রানের জুটিতে সূচনা করেন ক্যারিবীয় দুই ওপেনার হোপ ও জুয়েল অ্যান্ড্রু। ১৬ বলে ২১ রান করে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেন জুয়েল।
এরপর দ্বিতীয় উইকেটে শিমরোন হেটমায়ারের সাথে ২৪ বলে ৫৮ এবং তৃতীয় উইকেটে রোভম্যান পাওয়েলকে নিয়ে ২৭ বলে ৪৬ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন হোপ।
চতুর্থ উইকেটে ৪৩ বলে শেরফানে রাদারফোর্ড ও হোপের অবিচ্ছিন্ন ৯১ রানের জুটিতে ২০ ওভারে ৩ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।
ভারত পেসার নিতিশ কুমার রেড্ডির করা ইনিংসের শেষ ওভারের শেষ ডেলিভারিতে ছক্কা মেরে ৫০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন হোপ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন হোপ। ২টি করে সেঞ্চুরি করে এতদিন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন যৌথভাবে ক্রিস গেইল ও এভিন লুইস।
রেকর্ড গড়া সেঞ্চুরির ইনিংসে ৫০ বল খেলে ৪টি চার ও ৯টি ছক্কায় অপরাজিত ১০২ রান করেন হোপ। ৪ চার ও ৩ ছক্কায় ২৬ বলে অনবদ্য ৪৯ রান করেন রাদারফোর্ড।
জবাবে ওপেনার সঞ্জু স্যামসনের ঝড়ে ২৬ বলে ৬০ রানের উড়ন্ত সূচনা করে ভারত। ২০ বলে হাফ-সেঞ্চুরি তুলে ব্যক্তিগত ৫৬ রানে ওয়েস্ট ইন্ডিজ পেসার পলের শিকার হন স্যামসন। তার ২৩ বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা ছিল।
স্যামসনকে শিকারের ওভারে ইশান কিশানকে ৬ রানে বিদায় দেন পল। এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১৬, অভিষেক শর্মা ২৯ ও নামা ধীর খালি হাতে থামলে ১৩০ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
ষষ্ঠ উইকেটে ৩২ বলে ৭০ রানের জুটিতে ভারতের জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিলক ভার্মা ও নিতিশ কুমার রেড্ডি। তবে ১৭তম ওভারের শেষ বলে তিলকের আউট এবং ১৯তম ওভারে পলের তিন উইকেট শিকারে ২২৩ রানে অলআউট হয় ভারত।
তিলক ২৫ বলে ৪৩ এবং রেড্ডি ২০ বলে ৪১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পল ৪ ওভারে ৪১ রানে ৫ উইকেট নেন। টি-টোয়েন্টিতে এর আগে একবার ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন পল। ম্যাচ সেরা হন হোপ।
আগামী ১৭ অক্টোবর ব্যাঙ্গালুরুতে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।







