ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬ : আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার জোফরা আর্চার। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন ব্যাটার জ্যাকব বেথেল।
ব্যস্ত ঘরোয়া মৌসুমের পর কাজের চাপ সামাল দিতে ৩১ বছর বয়সী আর্চারকে পাকিস্তানে অনুষ্ঠেয় আসন্ন ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওই সিরিজে শ্রীলঙ্কাও অংশ নেবে।
ডান হাঁটুর চোটের কারণে এ বছরের ‘দ্য হান্ড্রেড’, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের ম্যাচগুলোতে খেলতে পারেননি বেথেল। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের দলেও তাঁকে রাখা হয়নি।
২২ বছর বয়সী এই ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ফিট ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর পার্থে সিরিজটি শুরু হবে। দক্ষিণ আফ্রিকায় আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডের নির্বাচক মার্কাস নর্থ বলেন, “ওয়ানডে সিরিজে জ্যাকব বেথেল ও জোফরা আর্চারের প্রত্যাবর্তনের ফলে বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করার এই পর্যায়ে আমরা প্রায় পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে পারব।”
তিনি আরও বলেন, “তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে চারজন পেসার আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার ও জশ টাং দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের আগে দেশে ফিরে যাবেন।”
সাবেক অস্ট্রেলীয় ব্যাটার নর্থ আরও বলেন, “হ্যারি ব্রুকের নেতৃত্বে আমাদের টি-টোয়েন্টি দল দারুণ ফর্মে রয়েছে। শক্তিশালী একটি দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজেদের যাচাই করার সুযোগের অপেক্ষায় আছি আমরা।”
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে যাওয়া ওয়ানডে দলের সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজের দলের পার্থক্য মাত্র দুটি। আর্চার ও বেথেল দলে ফিরেছেন। কন্ডিশন পরিবর্তনের কারণে পাকিস্তান সফরের পর স্পিনার জেমস কোলস ও মেসন ক্রেন দল ছাড়বেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ডের পূর্ণাঙ্গ দলে প্রথমবার ডাক পেয়েছেন থমাস রিউ। ১৮ বছর বয়সী রিউ দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ফেব্রুয়ারিতে ভারতের কাছে হেরে যাওয়া ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ ফাইনালে তিনি অধিনায়কত্ব করেছিলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া উইকেটকিপার-ব্যাটার জস বাটলার এখনও মাঠের বাইরে রয়েছেন। ওই চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।
ইংল্যান্ডের ওয়ানডে দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জর্ডান কক্স (উইকেটরক্ষক), হেনরি ক্রোকম্ব, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও জশ টাং।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জেমস কোলস, জর্ডান কক্স (উইকেটরক্ষক), হেনরি ক্রোকম্ব, স্যাম কারান, লিয়াম ডওসন, আনিউরিন ডোনাল্ড, এডি জ্যাক, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, থমাস রিউ (উইকেটরক্ষক), ফিল সল্ট (উইকেটরক্ষক) ও লুক উড।






