ঢাকা, ৫ নভেম্বর ২০২৬ : হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার।
গত ৪ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়-দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’-এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ কমিশন গঠন করা হয়েছে।
কমিশনের সভাপতি করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন (বিসিপিএস)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের কার্যপরিধির মধ্যে রয়েছে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ ও দায়-দায়িত্ব চিহ্নিত করা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান এবং এ-সংশ্লিষ্ট অন্য কোনো সুপারিশ থাকলে তা সরকারের কাছে তুলে ধরা।
তদন্তের প্রয়োজনে কমিশন বাংলাদেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো ব্যক্তিকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করার ক্ষমতাও দেওয়া হয়েছে।
কমিশনকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। একইসাথে কমিশনের ব্যয় নির্বাহ এবং তদন্তকাজে সহায়তার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ বা এর অধীনস্থ প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।







