পিরোজপুর, ২২ নভেম্বর, ২০২৬: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী, তারা কোন রাজনৈতিক দল নয়।
রোববার জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য রুহুল আমীন দুলাল।
প্রতিমন্ত্রী বলেন, ১৬ বছর দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পালিয়ে যাওয়া দলটি এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত। লুটের টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য অগ্নিসন্ত্রাস শুরু করেছে এবং নিরীহ মানুষকে হত্যা করছে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা নেই। ১৬ বছরের গুম খুন ও স্বৈরশাসনের জন্য তারা জাতির কাছে ক্ষমা চায়নি। এখন আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এবং সব দলকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্টদের নাশকতা রোধে কাজ করতে হবে।
প্রশাসনের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সকল ভয়ভীতি দূরে রেখে দেশপ্রেম ও সাহস নিয়ে কাজ করতে হবে- যাতে কোনভাবেই দেশবিরোধী এই ফ্যাসিস্ট গোষ্ঠী নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রোধে বিভিন্ন সিদ্ধান্তও নেওয়া হয়। এর মধ্যে রয়েছে- সড়ক, সেতু, বাস স্ট্যান্ড, ফেরিঘাট ও আন্তজেলা সীমান্তসহ ঝুঁকিপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, গ্রামীণ ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান, ইউনিয়ন ভূমি অফিস, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার, নৌপথে নৌ পুলিশ ও নৌ প্রহরা জোরদার, প্রতিটি বাজারে গ্রাম পুলিশ নিয়োগ, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জিতের ইমাম ও খতিবদের সম্পৃক্ত করে জনসচেতনা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, বাজার ও জনসমাগম স্থলে সিসিটিভি ক্যামেরার স্থাপন করা।
সভায় পুলিশ সুপার মো. তালেবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির, জেলা সিভিল সার্জন ডা. মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ জহুরুল হক, পিরোজপুর চেম্বার এন্ড কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
সভা শেষে অগ্নিসন্ত্রাসে নিহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক অনুদান দেওয়া হয়।








