নাটোর, ২৩ নভেম্বর, ২০২৬: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ সোমবার নাটোর শহরের পুরোনো বাসস্ট্যান্ডে নাটোর ও নলডাঙ্গা উপজেলার বাসিন্দাদের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুইপ দুলু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের সন্ত্রাসী রাজনৈতিক দল। এই দল নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাস শুরু করেছে। এরা আগুন দিয়ে মানুষের বাড়ি পোড়াচ্ছে, গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করছে, হেলপার-ড্রাইভারকে পুড়িয়ে মারছে।
তিনি বলেন, বিএনপি শান্তিপ্রিয় দল। দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে আমরা কাজ করছি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে চাই।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলে যায়নি। জুলাই বিপ্লবের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দেশের সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা করে নির্বিচারে মানুষ হত্যা করেছে। শিশু থেকে নারী কাউকে রেহাই দেয়নি। পতিত এই অপশক্তিকে আর কোনো সুযোগ দেওয়া হবে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।
এর আগে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।








