চট্টগ্রাম, ২৫ নভেম্বর, ২০২৬ : দেশে কে মারা গেল, কে কাকে হত্যা করল, তা শেখ হাসিনার বিবেচ্য বিষয় নয়। যেভাবেই হোক দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করাই তার উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
তিনি বলেন, হাসিনা বাংলাদেশে এসেছিলেন তার পিতার হত্যার প্রতিশোধ নিতে; জনগণের কল্যাণে কাজ করতে নয়। পিতার হত্যার প্রতিশোধ নিতে তিনি ১৭ বছর দেশের মানুষের ওপর স্টিমরোলার চালিয়েছেন। ২৪ এর গণঅভ্যুত্থানে বিতাড়িত হওয়ার পর জনগণের প্রতি তার ক্ষোভ আরও বেড়েছে।
আজ সন্ধ্যায় চট্টগ্রামের ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এসব কথা বলেন। পতিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মীসভার আয়োজন করা হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবু সুফিয়ান বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি অপরাধ করে দেশ ছেড়ে পালিয়েছেন। তাই আইনি প্রক্রিয়া ও বাংলাদেশ-ভারতের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে ভারত সরকারকে বারবার তাগাদা দেওয়া হলেও কাক্সিক্ষত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনা বাংলাদেশে অপরাধ করে দেশ ছেড়েছেন বলে অভিযোগ করে তাকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান আবু সুফিয়ান।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না, আর ফিরলেও তার জায়গা হবে জেলখানায়।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ভুয়া তথ্য ও কাহিনি ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার এবং গুজবের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
পাশাপাশি সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফিরে পাওয়া ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহেদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, শওকত আজম খাজা, শিহাবউদ্দিন মুবিন, বিএনপি নেতা এম এ হালিম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খান।








