ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগসহ রাজনৈতিক স্বার্থান্বেষী মহল কিংবা অন্য কোনো গোষ্ঠী উসকানি ও নাশকতার চেষ্টা করছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, যানবাহনে হামলা, লুটপাট এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত করার মতো কর্মকাণ্ডেরও তীব্র নিন্দা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনারও আহ্বান জানিয়েছে দলটি।
আজ পোশাকশিল্পের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
তিনি বলেন, শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলন এবং শিল্প ধ্বংসের অপতৎপরতা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কোনো কারখানা ধ্বংস করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা যায় না। বরং এর ফলে শ্রমিকেরা কর্মসংস্থান হারান, মালিকেরা বিনিয়োগ হারান এবং ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অর্থনীতি।
তিনি আরও বলেন, প্রকৃত অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা সামাজিক অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গত ১ নভেম্বর ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করেছে এবং গতকাল ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বোর্ড শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয়, বর্তমান বাজারদর, পরিবারের সদস্যসংখ্যা এবং মৌলিক চাহিদা বিবেচনায় নিয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সুপারিশ দেবে বলে আশা প্রকাশ করা হয়।
দেশের পোশাকশিল্পের পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান, জীবন-জীবিকা এবং অসংখ্য পরিবারের ভবিষ্যৎ জড়িত।
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কারখানার নিরাপত্তা রক্ষা এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় দলটি।
তিনি পারস্পরিক আলোচনা, আস্থা, সহমর্মিতা ও সমঝোতার ভিত্তিতে সংকটের সমাধান করার কথাও তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা, বিনিয়োগের সুরক্ষা, উৎপাদন পরিবেশের উন্নয়ন এবং শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সরকারকে কার্যকর মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে হবে। শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ ও সরকারের মধ্যে দ্রুত ত্রিপক্ষীয় সংলাপ আয়োজন করে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে হবে।
শ্রমিকদের ন্যূনতম মজুরির পাশাপাশি নিয়মিত মজুরি পর্যালোচনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য রেশনিং ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, আবাসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়। শ্রমিকের কল্যাণকে শিল্পনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনার কথা বলা হয়।








