২০ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ধর্ম

ঢাকা-১৩ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ববি হাজ্জাজ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও আগারগাঁও এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

ঢাকা-১৩ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ববি হাজ্জাজ

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও আগারগাঁও এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। এলাকার মানুষের সুখ-দুঃখ ও নানা সমস্যার সমাধানে জনপ্রতিনিধি হিসেবে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। যেকোনো সমস্যা সরাসরি তাকে জানানোর জন্য মন্দির কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে স্থানীয় বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকটের বিষয়টি নিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হলে ববি হাজ্জাজ বলেন, গ্যাসের পাইপলাইনের লিকেজ শনাক্ত ও মেরামতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিরলস কাজ করছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে একাধিকবার পরিদর্শন ও প্রয়োজনীয় মেরামত কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, এলাকার গ্যাসসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানে নতুন করে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কেবল উপাসনার স্থান নয়, বরং এগুলো নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

শিশু-কিশোর ও তরুণদের সঠিক শিক্ষা, সুসংহত নৈতিকতা এবং মানুষের প্রতি গভীর দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠার ওপর জোর দিয়ে তিনি বলেন, নিজ নিজ এলাকার প্রতিবেশী ও সমাজব্যবস্থার প্রতি দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি ঐক্যবদ্ধ, সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং কোমলমতি শিশুদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধের চমৎকার বিকাশ ঘটাতে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

এই লক্ষ্য অর্জনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই পারস্পরিক শ্রদ্ধা, অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সবাইকে একটি নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ