ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাস, নাশকতা, হত্যার তথ্য প্রকাশ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট তাদের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেছে।
আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাস, নাশকতা, হত্যার তথ্যে— হত্যা ৮, জুলাইযোদ্ধাদের বাড়িতে হামলা ৬, মন্ত্রী ও এমপিদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা ৫, পরিবহনে অগ্নিসংযোগ ৮৩ ও ককটেল হামলা ৮৭টি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
নাশকতার এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে এবং ৬৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও সম্প্রতি অন্তত ৫ জন মন্ত্রী ও এমপির বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা এবং অন্তত ৬ জন জুলাইযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন নাশকতাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও অপতথ্য ছড়ানোয় লিপ্ত রয়েছে। এসব ঘটনার বিভিন্ন তথ্য বাংলাফ্যাক্ট প্রকাশ করেছে।




