পটুয়াখালী, ৮ নভেম্বর, ২০২৬ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, উদারতার সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চ্যুয়ালি যোগাযোগ করছেন। নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
আজ সকালে জেলার গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।
নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনার সঙ্গে অনলাইনে যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। এ সংক্রান্ত বক্তব্যের তালিকা ও অডিও প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নুরুল হক নুর বলেন, ২০২৪ সালের জুলাই-পরবর্তী সময়ে গলাচিপা-দশমিনায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী স্বাভাবিক জীবনযাপন করছেন এবং ব্যবসা-বাণিজ্য করছেন। অতীতে তাঁদের বিরুদ্ধে যে ধরনের নির্যাতন করা হয়েছে, একই আচরণ তাঁদের সঙ্গে করা হয়নি। তবে যারা অতিরিক্ত অন্যায় করেছে, তাদের নিজেদেরই এর প্রায়শ্চিত্ত করতে হবে।
স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক কর্মকান্ডে বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ঢাকায় লোক পাঠানো বা বাস ভাড়া করার মতো কর্মকান্ডে জড়িতদের নজরদারিতে রাখতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সংশ্লিষ্ট কর্মকান্ডও পর্যবেক্ষণের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া ও মো. জাহাঙ্গীর হোসেন খান, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাব হোসেন খান।







