ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : সাইড স্ট্রেইন ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাকী দুই ম্যাচে খেলতে পারবেন না ভারতের অফ-স্পিনার বরুণ চক্রবর্তী। এমনকি আফগান সিরিজ শেষে আসন্ন এশিয়ান গেমসেও বরুণের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
গত রোববার দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ১৬ রানে ১ উইকেট শিকার করেন বরুণ। ঐ ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
ম্যাচ চলাকালীন সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন বরুণ। ইনজুরি থেকে সুস্থ হতে ব্যাঙ্গালুরুতে সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল দলের সাথে কাজ করবেন বরুণ। এশিয়ান গেমসে অংশ নিতে আগামী শুক্রবার জাপানের উদ্দেশে দেশ ছাড়বে ভারত। তার আগে সুস্থ হয়ে উঠার চেষ্টা করবেন তিনি।
গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে তৃতীয় টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন বরুণ। প্রায় দুই মাসের পুনর্বাসন প্রক্রিয়া শেষে আফগানিস্তান সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরেন তিনি।
আফগানিস্তান সিরিজে বরুণের বদলি হিসেবে কারও নাম এখনও ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার বদলি হিসেবে দলে সুযোগ পেতে পারেন রবি বিষ্ণোই বা ওয়াশিংটন সুন্দরের মধ্যে যেকোন একজন। গত মাসে জিম্বাবুয়ে সফরে বরুণের জায়গায় খেলেছিলেন স্পিনার বিষ্ণোই। তিন ম্যাচে ১২ ওভার বল করে ৫.৬৬ ইকোনমিতে ৬৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি।
এখন পর্যন্ত ভারতের হয়ে ৪ ওয়ানডেতে ১০ এবং ৪৯ টি-টোয়েন্টিতে ৭৫ উইকেট শিকার করেছেন বরুণ।







