ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : চেলসির সাথে আরও এক বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন কোল পালমার। নতুন চুক্তি অনুযায়ী ২০৩৪ সাল পর্যন্ত চেলসিতেই থাকছেন এই ইংলিশ মিডফিল্ডার।
প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে পালমারের আগের চুক্তির মেয়াদ ছিল ২০৩৩ সাল পর্যন্ত। নতুন ও উন্নত চুক্তির মাধ্যমে ইংল্যান্ডের এই ফরোয়ার্ডের স্ট্যামফোর্ড ব্রিজে থাকার মেয়াদ আরও এক বছর বাড়ল।
২৪ বছর বয়সী পালমার বলেন, “চেলসি আমার কাছে অনেক কিছু। আমার মনে হয়, ক্লাবটি সঠিক পথে এগোচ্ছে। তাই চুক্তিতে সই করতে পেরে আমি দারুণ খুশি এবং স্বাভাবিকভাবেই খুব আনন্দিত।”
তিনি আরও বলেন, “ক্লাবের মালিকপক্ষ, স্পোর্টিং ডিরেক্টর এবং অবশ্যই কোচের সঙ্গে কথা বলে আমি অনেক আত্মবিশ্বাস পেয়েছি। তাই চুক্তিতে সই করাটাই ছিল সঠিক সিদ্ধান্ত।”
“খেলোয়াড়দের সঙ্গেও কথা বলেছি। সবার লক্ষ্য একই। আমার মনে হয়, আমরা এখানে নিয়মিত বড় বড় শিরোপা জিততে পারি। আমি এর অংশ হতে চাই এবং সেই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।”
২০২৩ সালে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেন পালমার। লন্ডনের ক্লাবটির হয়ে এ পর্যন্ত ১৩৮ ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৯১টিতে অবদান রেখেছেন তিনি।
গত মৌসুমে কুঁচকির দীর্ঘস্থায়ী সমস্যায় পড়েছিলেন পালমার। এ কারণে ইংল্যান্ডের কোচ টমাস টাচেল তাকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়।
সাম্প্রতিক নেশনস লিগের ম্যাচগুলোর জন্য ঘোষিত ইংল্যান্ড দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর টাচেল আরও বলেছিলেন, পালমার ইংল্যান্ডের হয়ে খেলার অনেক বেশি সুযোগ হাতছাড়া করেছেন।
তবে শুক্রবার চেলসির কোচ জাবি আলোনসো পালমারের পক্ষ নিয়ে বলেন, ইংল্যান্ডের প্রতি এই তারকার অঙ্গীকার রয়েছে। ক্লাব ও জাতীয় দলের হয়ে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে তার শুধু পুরোপুরি ফিট হওয়া প্রয়োজন।
অবশ্য চলতি মৌসুমের শুরুটা ভালোই করেছেন পালমার। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে চারটি গোল করেছেন তিনি।
পালমারের নতুন চুক্তিটি চেলসির সাম্প্রতিক পদক্ষেপের আরেকটি অংশ। এর আগে হুয়াও পেদ্রো ও পেদ্রো নেতোর সঙ্গেও ক্লাবটি এমন চুক্তি করেছে।







