মাদারীপুর, ২১ অক্টোবর, ২০২৬ : মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিরোধীরা ক্ষমতায় আসতে না পেরে সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে মিডিয়ার সামনে আবোল-তাবোল কথা বলছে। একইসঙ্গে এনসিপি ও জামায়াত ইস্যুতে বিএনপি’র মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল মঙ্গলবার রাতে মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
খোকন তালুকদার বলেন, ‘বিরোধীরা সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে এবং ক্ষমতায় আসতে না পেরে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা মিডিয়ার সামনে আবোল-তাবোল কথা বলছে। যারা শুধু কথার ফুলঝুরি ছড়িয়ে দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, নির্বাচনের আগে অনেকে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তাদের মাঠে দেখা যাচ্ছে না। তিনি মাদারীপুর-৩ আসনের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করে সবার সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে বলেন, ‘কোথায় এখন জামায়াত? এখন তো আর জামায়াতকে দেখা যাচ্ছে না।’
এনসিপি-জামায়াতের ভূমিকা প্রসঙ্গে বিএনপি’র এই নেতা বলেন, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বিষয়টি নিয়ে এনসিপি ও জামায়াত বিশ্লেষণ শুরু করেছে। এ বিষয়কে কেন্দ্র করে বিএনপি’র মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে বিএনপি’র সংসদ সদস্য ও মন্ত্রীরা দলীয় সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেন।
জামায়াতের আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে খোকন তালুকদার বলেন, ‘জামায়াতের আমির বলেছিলেন, ‘রাখ তোদের ফ্যামিলি কার্ড’। অথচ এখন ফ্যামিলি কার্ড নেয়ার জন্য জামায়াতের প্রত্যেক সংসদ সদস্যের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। কার আগে কে ফ্যামিলি কার্ড নেবেন। যারা মানুষকে দেয়া কথা রাখতে পারে না, যাদের কথার সঙ্গে কাজের মিল নেই, তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডাসার উপজেলার ৪১টি পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
এসময় তার সঙ্গে ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, পুলিশ সুপার ফজলে এলাহী, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, ডাসার থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুর রহমান আজাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।







