ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্বে ঘোষিত দল থেকে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।
পেস বোলিং অলরাউন্ডার কেমো পলের জায়গায় বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে সুযোগ পেয়েছেন শামার স্প্রিঙ্গার।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিডব্লিউআই। তারা জানায়, ব্যক্তিগত ও পারিবারিক কারণে ভারত থেকে দেশে ফিরে যাবেন পল। বাংলাদেশ সফরে খেলবেন না তিনি। পলের জায়গায় দলে নেওয়া হয়েছে স্প্রিঙ্গারকে। প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে সুযোগ পেলেন স্প্রিঙ্গার। তবে দেশের হয়ে ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
গতকাল শেষ হওয়া ভারত সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪৪ রানের পাশাপাশি ৭ উইকেট শিকার করেছেন স্প্রিঙ্গার।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচ খেলে ১০৪৩ রান ও ৫৮ উইকেট শিকার করেছেন ২৮ বছর বয়সী স্প্রিঙ্গার।
চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করে দলে জায়গা করে নিয়েছেন স্প্রিঙ্গার। চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচে ৫০.২০ গড়ে ২৫১ রান করেছেন তিনি। বোলিংয়ে নেন ৭ উইকেট।
বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে নেই সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফ। বিশ্রাম দেওয়া হয়েছে হোপকে। কাজের চাপ বিবেচনায় দলে রাখা হয়নি জোসেফকে। পূর্বে ঘোষিত দলে জোসেফের বদলি হিসেবেই নেওয়া হয়েছিল পলকে।
আজ ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। ২০ ও ২১ অক্টোবর অনুশীলন করবে ক্যারিবীয়রা। আগামী ২২ ও ২৩ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
প্রস্তুতি ম্যাচ শেষে প্রথম টেস্টকে সামনে রেখে ২৫, ২৬ এবং ২৭ অক্টোবর অনুশীলন করবে সফরকারীরা।
২৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
মিরপুর টেস্ট শেষে দ্বিতীয় টেস্টের জন ২ নভেম্বর ঢাকা থেকে সিলেট যাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ৫ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এরপর টেস্ট সিরিজ শেষে ১০ নভেম্বর দেশের উদ্দেশ্যে রওনা দেবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ৬ ম্যাচে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ১২ ম্যাচে ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ।
১১ ম্যাচে ৮১.৮২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া।
ওয়েস্ট ইন্ডিজ দল : রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ন চন্দরপল, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, শামার স্প্রিঙ্গার, কেমার রোচ, জেইডেন সিলেস, কেভিন উইকহাম।



