ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : ডান হাতের তর্জনিতে চিড় ধরায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ।
আগামী ৯ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া।
ডারবানে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটরক্ষকের দায়িত্ব পালনকালে আঙুলে চোট পান ৩১ বছর বয়সি ইংলিশ। আঘাত নিয়েও পুরো ইনিংস উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে ব্যাট হাতে মাত্র ৩ রান করেন ইংলিশ।
ম্যাচ শেষে করা স্ক্যান রিপোর্টে ইংলিশের ডান হাতের আঙুলে চিড় ধরা পড়ে। এতে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার জায়গায় উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ক্যারি।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, চিকিৎসার জন্য দেশে ফিরবেন ইংলিশ। টেস্ট সিরিজে তার খেলার বিষয়ে পরবর্তী মূল্যায়ন এবং সুস্থ হয়ে ওঠার অগ্রগতির ওপর সিদ্ধান্ত নেওয়া হবে।
টেস্ট খেলতে না পারলে ইংলিশের জায়গা দলে সুযোগ পেতে পারেন জশ ফিলিপি বা স্যাম হার্পার। বর্তমানে দুজনই অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে ভারত সফরে আছেন।
আর যদি শুধু ব্যাটার খেলার পরিকল্পনা করে অস্ট্রেলিয়া, সেক্ষেত্রে দলে সুযোগ পেতে পারেন নাথান ম্যাকসুয়েনি বা পিটার হ্যান্ডসকমের মধ্যে যেকোনো একজন।







