নাগোয়া (জাপান), ২০ সেপ্টেম্বর ২০২৬ : শেফালী ভার্মার সেঞ্চুরিতে এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনাল বাংলাদেশকে ১১৪ রানে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগামী মঙ্গলবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলংকা।
নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্কে টস জয়ী ভারত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। উদ্বোধনী জুটিতে আসে ৭২ রান। স্মৃতি মান্ধানাকে ৩৭ রানে সাজঘরে পাঠান নাহিদা। এরপর দ্রুত দ্বিতীয় উইকেট নেন মেঘলা। কিন্তু তৃতীয় জুটিতে অধিনায়ক হারমানপ্রীত কৌরকে নিয়ে ৯৪ রানের জুটি গড়ে তুলেন শেফালী। ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রানের বড় ইনিংসে ওপেনার শেফালী ৯টি ওভার বাউন্ডারি ও ৩টি বাউন্ডারির সহায়তায় ৪৯ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন।
হারমানপ্রীতের ব্যাট থেকে এসেছে ৪০ রান।
১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে বাংলাদেশের ইনিংস মুখ থুবড়ে পড়ে। ওপেনার দিলারা আক্তার সর্বোচ্চ ২৭ রান করেছেন। ১৫. ৪ ওভারে বাংলাদেশ ৮১ রানে গুটিয়ে গেলে বড় জয় পায় ভারত।
নন্দী শর্মা ও দ্বিপ্তী শর্মা ৩টি করে উইকেট নিয়েছেন।
আগামী মঙ্গলবার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
আজ সকালে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলংকা।






