২০ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ডের কোচ ইংলিশ হওয়া উচিত : ফ্লেমিং

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং মনে করেন, ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কোচ মূলত ইংল্যান্ডেরই কাউকে হওয়া উচিত। ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এমন মন্তব্য করেছেন তিনি।

ইংল্যান্ডের কোচ ইংলিশ হওয়া উচিত : ফ্লেমিং

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং মনে করেন, ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কোচ মূলত ইংল্যান্ডেরই কাউকে হওয়া উচিত। ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এমন মন্তব্য করেছেন তিনি।

ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের মধ্য দিয়ে ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে প্রথম সিরিজ শুরু করবেন ফ্লেমিং। ১৯৯৯ সালের পর থেকে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন মাত্র দুজন ইংলিশ কোচ- পিটার মুরস (দুই দফায়) ও ক্রিস সিলভারউড। এ সময়ে অ্যাশলে জাইলস সাদা বলের ক্রিকেটে দলের কোচের দায়িত্বও পালন করেছেন।

অন্যদিকে, একই সময়ে জিম্বাবুয়ের ডানকান ফ্লেচার ও অ্যান্ডি ফ্লাওয়ার এবং অস্ট্রেলিয়ার ট্রেভর বেলিসও ইংল্যান্ডের কোচ ছিলেন। ফ্লেমিং দায়িত্ব নিয়েছেন তারই স্বদেশি ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে। ম্যাককালাম এখনো ইংল্যান্ডের সাদা বলের দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়ার ম্যাথু মটও একসময় ইংল্যান্ডের সাদা বলের দলের কোচ ছিলেন।

গত সপ্তাহে ঘোষিত ফ্লেমিংয়ের কোচিং স্টাফে ইংল্যান্ডের স্থানীয় কোচদের প্রাধান্য রয়েছে।

ইংল্যান্ডের সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিক তার সঙ্গে কাজ করবেন। চলতি বছরের শুরুর দিকে তিনি অন্তর্বর্তীকালীন টেস্ট কোচের দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া সাবেক ইংলিশ উইকেটরক্ষক জেমস ফস্টার ও সাবেক স্পিনার রিচার্ড ডওসনও কোচিং স্টাফে রয়েছেন।

ইংল্যান্ডের হয়ে অ্যাশেজজয়ী জোনাথন ট্রট শিগগিরই ইংল্যান্ড লায়ন্সের দায়িত্ব নিতে যাচ্ছেন। ফ্লেমিং নিয়োগ পাওয়ার আগে ট্রট ও ডওসন দুজনই ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন।

বিবিসি রেডিও ফাইভ লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ফ্লেমিং বলেন, ইংলিশ কোচদের বিকাশে সহায়তা করা তাঁর দায়িত্ব পালনের অন্যতম অগ্রাধিকার হবে।

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, জাতীয় দলের কোচ মূলত সেই দেশেরই হওয়া উচিত, যার প্রতিনিধিত্ব দলটি করে। এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। তবে কোচিংয়ের ক্ষেত্রে কিছু উন্নয়নমূলক কাজ হবে, যা আমাদের কোচিং স্টাফের দিকে তাকালেই বোঝা যায়।”

ইংল্যান্ড জাতীয় দলের টেস্ট ও সাদা বলের ক্রিকেটে ফ্লেমিং ও ম্যাককালাম প্রধান কোচের দায়িত্বে থাকলেও দলটির নির্বাচক মার্কাস নর্থ অস্ট্রেলিয়ার নাগরিক।

গত সেপ্টেম্বরে ঘোষণা করা হয়, অস্ট্রেলিয়ার আরেক সাবেক ক্রিকেটার লিয়া পল্টন ইংল্যান্ড নারী দলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেবেন। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইংল্যান্ড নারী দলের প্রধান কোচ ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার লিসা কাইটলি।

নিজের কোচিং স্টাফের সদস্যদের উন্নয়নের পাশাপাশি কাউন্টি দলের কোচ ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারদেরও মাঝেমধ্যে কোচিং কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ফ্লেমিংয়ের।

তিনি বলেন, “কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আবারও এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছেন, যা আমাকে আনন্দিত করেছে। তাদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। একই সঙ্গে কাউন্টি দলের কোচদেরও নির্দিষ্ট সময়ে যুক্ত করা হবে। সাবেক খেলোয়াড়দেরও আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এটি এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ব্যবস্থা, যেখানে আশপাশে থাকা দক্ষ ব্যক্তিদের কাজে লাগানোর পাশাপাশি কাউন্টি ক্রিকেট ও ইংলিশ ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

টেস্ট দলের কোচ হিসেবে ম্যাককালামের চার বছরের মেয়াদে সমালোচনা হয়েছিল কাউন্টি ক্রিকেটের সঙ্গে তার পর্যাপ্ত যোগাযোগ না থাকা।

গত সেপ্টেম্বরে কয়েকটি কাউন্টি ক্লাব পরিদর্শন করেন ফ্লেমিং। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের প্রতি নিজের ভালো লাগার কথাও জানান তিনি। খেলোয়াড়ি জীবনে নটিংহ্যামশায়ার, ইয়র্কশায়ার ও মিডলসেক্সের হয়ে খেলেছেন সাবেক এই ব্যাটার।

আগামী গ্রীষ্মে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে কাউন্টি ক্রিকেটের কিছু ম্যাচ দেখার পরিকল্পনার কথাও নিশ্চিত করেছেন তিনি।

ফ্লেমিং বলেন, “হ্যাঁ, আমি সেখানে থাকব। এ বছর সবার সঙ্গে দেখা করতে পেরে খুব ভালো লেগেছে। যাদের সঙ্গে একসময় খেলেছি, তাদের অনেকেই এখন কাউন্টি ক্লাবের কোচ কিংবা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করে কাউন্টি ক্রিকেটের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া ভালো অভিজ্ঞতা ছিল। আমি সত্যিই উপভোগ করেছি। খেলোয়াড়দের উন্নয়নের ধারাবাহিকতায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” জুলাইয়ে ফ্লেমিংকে ইংল্যান্ডের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলেও আগস্ট ও সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিনি দায়িত্ব পালন করেননি। ফলে ডিসেম্বরে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের সিরিজই হবে প্রধান কোচ হিসেবে তাঁর প্রথম দায়িত্ব।

ওই সিরিজের জন্য ইংল্যান্ডের দল নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করার কথা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের কোনোটিতেই বিশেষজ্ঞ স্পিনার খেলায়নি ইংল্যান্ড। তার পরিবর্তে চারজন মূল পেসার নিয়ে মাঠে নেমেছিল।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টে সফরকারী দলটি অফস্পিনার ন্যাথান লায়নকে একাদশের বাইরে রেখেছে। অথচ টেস্ট ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ৫৭৩ উইকেট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি।

গত সপ্তাহে ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকায় একমাত্র বিশেষজ্ঞ লাল বলের স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন শোয়েব বশির। অন্যদিকে ম্যাসন ক্রেন ও লিয়াম প্যাটারসন-হোয়াইট উন্নয়নমূলক চুক্তি পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকা সফরের পর আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বশিরের চুক্তি পাওয়ার অর্থ তিনিই ইংল্যান্ডের এক নম্বর স্পিনার কি না, এমন প্রশ্নের জবাবে ফ্লেমিং বলেন, ডার্বিশায়ারের এই স্পিনার দলে ধারাবাহিকতা বজায় রাখার প্রতিনিধিত্ব করছেন।

ফ্লেমিং বলেন, “আমি স্বীকার করছি, তার ঠিক পরেই আরও বেশ কয়েকজন স্পিনার রয়েছেন, যারা বিভিন্ন সময়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। এখানে অনেক স্পিনার রয়েছেন, যারা সুযোগের অপেক্ষায় আছেন। বিশেষ করে বাংলাদেশের মতো কন্ডিশনে, দু-তিনজন স্পিনারকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। পরিস্থিতি অনুযায়ী দলটি বেশ ভিন্ন রকম হতে পারে। এটাই নির্দিষ্ট কন্ডিশনের জন্য উপযুক্ত খেলোয়াড় বেছে নেওয়ার উদাহরণ। তবে বশিরের অভিজ্ঞতা রয়েছে এবং সে এখনো অনেক তরুণ। স্পিন বিভাগে সঠিক সমন্বয় খুঁজে বের করার জন্য আমাদের আরও পর্যবেক্ষণ ও উন্নয়নের সুযোগ রয়েছে।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার আহ্বান তানজিদের

ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার আহ্বান তানজিদের

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতীর্থ ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলা এবং ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরা...

10/20/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : ভালো শুরুর পরও প্রথমার্ধে বাংলাদেশের সঙ্গে অনেকটাই পিছিয়ে পরে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অতিথিরা। কিন্তু এই অর্ধে সমানতালে লড়লেও ম্যাচ জেতার জন্য সেটি যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত প্রথমার্ধে বাংলাদেশের ১২ গোলের লিডই ব্যবধান গড়ে দেয়। তাতে মালদ্বীপকে হারিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ফাইনালে নাম লেখায় স্বাগতিক বাংলাদেশের মেয়েরা।

10/20/2026

ব্ল্যাক বেল্ট টেস্টে নতুন স্বপ্ন, আন্তর্জাতিক সাফল্যের প্রত্যাশা তায়কোয়ানডো ফেডারেশনের

ব্ল্যাক বেল্ট টেস্টে নতুন স্বপ্ন, আন্তর্জাতিক সাফল্যের প্রত্যাশা তায়কোয়ানডো ফেডারেশনের

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬ : দীর্ঘদিনের অনুশীলন ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে ব্ল্যাক বেল্ট পরীক্ষায় অংশ নিচ্ছেন দেশের তায়কোয়ানডো খেলোয়াড়রা। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ব্ল্যাক বেল্ট টেস্ট-২০২৬’।

10/20/2026

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্দান্ত ফর্মে থাকা আফগানিস্তান।

10/20/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে অপরাজিত ভারত

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে অপরাজিত ভারত

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : আক্রমণাত্মক শুরুর পর তিন গোলে এগিয়েও গিয়েছিল নেপাল। গুছিয়ে উঠতে একটু সময় নিলেও ভারত ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি। শেষ পর্যন্ত নেপালি মেয়েদের সব প্রচেষ্টা ব্যর্থ করে বড় জয় নিয়েই মাঠ ছাড়ল ভারত। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে অপরাজিত থেকে ফাইনালে উঠল দলটি।

10/20/2026

প্রথম ম্যাচে স্লো ওভার রেটের পাকিস্তান-শ্রীলংকার জরিমানা

প্রথম ম্যাচে স্লো ওভার রেটের পাকিস্তান-শ্রীলংকার জরিমানা

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান ও শ্রীলংকাকে যথাক্রমে ম্যাচ ফির ১০ ও পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

10/20/2026

ম্যাডিসনের নৈপুণ্যে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের জয়খরা কাটল

ম্যাডিসনের নৈপুণ্যে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের জয়খরা কাটল

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : জেমস ম্যাডিসনের দুর্দান্ত প্রত্যাবর্তনের রাতে সোমবার কাভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে রবার্তো ডি জারবির টটেনহ্যাম হটস্পার। লন্ডনে ১৭ মাস পর টটেনহ্যামের শুরুর একাদশে ফিরেই দুর্দান্ত এক গোল করেন ম্যাডিসন। গত পুরো মৌসুম মাঠের বাইরে কাটানোর পর ম্যাচের দলে ফিরেছেন ডিয়ান কুলুসেভস্কিও।

10/20/2026

৪২ প্রশ্নের জবাব দুই সপ্তাহের মধ্যে ইনফান্তিনোকে দিতে হবে : উয়েফা

৪২ প্রশ্নের জবাব দুই সপ্তাহের মধ্যে ইনফান্তিনোকে দিতে হবে : উয়েফা

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬ : বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির মাধ্যমে ২০ বিলিয়ন ডলার সংগ্রহের ব্যর্থ পরিকল্পনা, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে ফিফার কাছে ব্যাখ্যা চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

10/20/2026