ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : এশিয়ান গেমসে হাজারো ক্রীড়াবিদকে আবাসন দেওয়ার জন্য একটি ক্রুজ জাহাজ মঙ্গলবার জাপানে পৌঁছেছে। একই সময় বহুজাতিক এই ক্রীড়া আসরে আবাসন নিয়ে অভিযোগ আরও জোরালো হয়েছে।
গেমস চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এর অন্যতম ভেন্যু নাগোয়ায় ইতালীয় ক্রুজ জাহাজ কোস্টা সেরেনা ভিড়েছে। প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা এই জাহাজে থাকবেন। জাহাজটির দৈর্ঘ্য প্রায় ৩০০ মিটার, ওজন ১ লাখ টনের বেশি এবং এতে রয়েছে ১ হাজার ৫০০টি কেবিন।
এশিয়ান গেমসে ১৭ হাজারের বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তার অংশ নেওয়ার কথা রয়েছে, যা অলিম্পিকের চেয়েও বেশি। আসরটির আনুষ্ঠানিক উদ্বোধন শনিবার। খরচ কমানোর লক্ষ্যে অংশগ্রহণকারীদের কাঠের কনটেইনারের মতো তৈরি কুটির এবং সাধারণ হোটেল কক্ষেও রাখা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা চলতি সপ্তাহের শুরুতে বলেছেন, কনটেইনার কুটিরের কক্ষগুলো এযাবৎকালের সবচেয়ে খারাপ। মঙ্গলবার তারা দাবি করেন, গেমসে অংশ নেওয়া প্রতিটি দলই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় আয়োজক কমিটির সভাপতি হিদেয়াকি ওমুরা বলেন, অস্থায়ী আবাসন আর্থিকভাবে টেকসই ক্রীড়া আসর আয়োজনের একটি মডেল হতে পারে।
নাগোয়ায় ক্রুজ জাহাজটিকে স্বাগত জানানোর অনুষ্ঠানে ওমুরা বলেন, "জাপানে এই প্রথম কোনো বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরে আবাসন হিসেবে ক্রুজ জাহাজ ব্যবহার করা হচ্ছে।"
"এ ধরনের বড় আকারের আসরের জন্য আমরা নতুন ধরনের আবাসনের ব্যবস্থা করতে পেরে আনন্দিত।" এর আগেও আন্তর্জাতিক ক্রীড়া আসরে আবাসন হিসেবে ক্রুজ জাহাজ ব্যবহার করা হয়েছে। তবে এত বড় পরিসরে কখনোই করা হয়নি।
কোরিয়া বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জুং জে-ইয়ং এএফপিকে বলেন, পুরুষ বাস্কেটবল দলের থাকার জন্য বরাদ্দ কেবিন নিয়ে তিনি গভীরভাবে অসন্তুষ্ট।
তিনি বলেন, ক্রীড়াবিদদের জন্য বিছানাগুলো খুবই ছোট। দলের এক খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তার কুটিরের একটি নষ্ট পানির কল এবং পানিতে ভেজা মেঝে দেখা যায়। ভিডিওটির সঙ্গে তিনি লিখেছেন, "দয়া করে আমাদের সাহায্য করুন।"
গত সপ্তাহে নাগোয়ায় রেকর্ড বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিলে শত শত ক্রীড়াবিদকে অল্প সময়ের জন্য তাদের আবাসন থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। দক্ষিণ কোরিয়ার অলিম্পিক কমিটির এক কর্মকর্তা বলেন, কক্ষের গুরুতর সংকট রয়েছে এবং আবাসন নিয়ে সমস্যায় শুধুমাত্র তারাই পড়েননি।
দক্ষিণ কোরিয়ার স্পোর্টস অ্যান্ড অলিম্পিক কমিটির এক কর্মকর্তা মঙ্গলবার এএফপিকে বলেন, "গেমসে অংশ নেওয়া ৪৫টি দেশের সব প্রতিনিধিই আবাসন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। বিষয়টি সমাধানে এখন সব দেশ একসঙ্গে কাজ করছে।" তাইওয়ানের এক ক্রীড়া কর্মকর্তা বলেন, "সামগ্রিকভাবে বিছানার ঘাটতি রয়েছে।"
ফিলিপাইন অলিম্পিক কমিটির সভাপতি আব্রাহাম টোলেন্তিনো বলেন, তার দেশের সব ক্রীড়াবিদকে একটি করে কক্ষ দেওয়া হয়েছে। তবে কিছু কর্মকর্তা, যেমন কোচদের, বিভিন্ন হোটেল ও এয়ারবিএনবিতে সরিয়ে নেওয়া হয়েছে।
জাপানে টাইফুন মৌসুমের মধ্যেই গেমস অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও আয়োজকরা আশা করছেন, ক্রুজ জাহাজে থাকার ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলনামূলক কম হবে। আয়োজকরা চলতি বছরের শুরুতে জানিয়েছিলেন, প্রায় ৪৫০ কোটি ইয়েন (২ কোটি ৮০ লাখ ডলার) ব্যয়ে জাহাজটি ভাড়া নেওয়া হয়েছে।
কোস্টা সেরেনা হলো কোস্টা কনকর্ডিয়ার একই শ্রেণির একটি জাহাজ। ২০১২ সালে তাসকানির উপকূলে কোস্টা কনকর্ডিয়া ডুবে গিয়ে ৩২ জন নিহত হয়েছিলেন। কোস্টা সেরেনার ক্যাপ্টেন ফেদেরিকো সিয়াস আশা প্রকাশ করেন, ক্রীড়াবিদরা এখানে আরামদায়ক, নিরাপদ ও স্মরণীয় অবস্থান উপভোগ করবেন।
তিনি আরও বলেন, "আজ আমাদের জাহাজ কেবল একটি গন্তব্যের চেয়েও বেশি কিছু হয়ে উঠছে। এটি এমন একটি বাড়িতে পরিণত হচ্ছে, যেখানে এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রীড়াবিদ ও অতিথিরা বন্ধুত্ব, পারস্পরিক সম্মান ও ঐক্যের চেতনায় একত্রিত হতে পারবেন।"







